প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ২১:১২
লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মোবাইলে নয়, পড়ালেখায় বেশি মনোযোগী হতে হবে
..........শেখ ফরিদ আহম্মেদ মানিক

চাঁদপুর শহরের পালবাজার এলাকার লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন থাকে তাদের সন্তান লেখাপড়া করে জীবনে অনেক বড় হবে এবং মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তোমরা বাবা-মায়ের সেই বিশ্বাস ও স্বপ্নের মর্যাদা রাখবে। ভালোভাবে পড়ালেখা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। দেশের জন্য, মানুষের জন্য ভালো মানুষ হতে হবে। তিনি আরো বলেন, মোবাইলে নয়, পড়ালেখায় বেশি মনোযোগী হতে হবে। সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশে মনোযোগ দিতে হবে। চাঁদপুরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। তোমরা লেখাপড়া করে যোগ্যতা অর্জন করতে পারলে ভবিষ্যতে এসব কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ পাবে। তাই এখন থেকেই নিজেদের সুশিক্ষিত, দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে।
লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মোর্শেদা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাহিদা সুলতানা সেতু। বিদ্যালয়ের শিক্ষকা পলি রাণী দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ছাত্রী অথৈ দাস তৃথি। সে তার নিজ হাতে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির অঙ্কিত ছবি তুলে দেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাহিদা সুলতানা সেতু জরাজীর্ণ ভবন, কম্পিউটার ল্যাবসহ বিভিন্ন অবকাঠামো বিষয়ে এমপিকে অবগত করেন। এ সময় এমপি বলেন, পুরাতন ভবন ভেঙ্গে দশতলা ভবন করা যেতে পারে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু ও মো. খলিলুর রহমান, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।







