প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২১:১৯
ফরিদগঞ্জের মুন্সিরহাট বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
সভাপতি জয়নাল, সম্পাদক নজরুল

ফরিদগঞ্জের মুন্সিরহাট বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. জয়নাল মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম সোহেল নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মুন্সিরহাট বাজারে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদে মোট ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনের ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে মো. জয়নাল মজুমদার ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সভাপতি পদে কলস প্রতীকে মো. আব্দুল মতিন সর্দার ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীকে মো. নজরুল ইসলাম সোহেল ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হন।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে মো. আব্দুল মমিন ২০০ ভোট, কোষাধ্যক্ষ পদে আবু বকর সিদ্দিক টেবিল প্রতীকে এবং প্রচার সম্পাদক পদে মো. ইয়াসিন দোয়াত-কলম প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সদস্য পদে মো. শহীদ (ফুটবল), মো. গফুর বেপারী (শাপলা), নজরুল ইসলাম (আম), আব্দুর রাহিম (রিকশা) ও আব্দুল মানিক (মোরগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ওসমান গণি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে পুরো নির্বাচন ছিল উৎসবমুখর।





