প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২১:১৬
খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেওয়া হবে না
চাঁদপুর স্টেডিয়াম পরিদর্শনকালে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

খেলাধুলার মান উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর স্টেডিয়াম ও আউটার স্টেডিয়াম পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। ফুটবল ও ক্রিকেটসহ নিয়মিত খেলাধুলা চালু রাখা এবং মাঠ সংস্কারের বিষযে তদারকি করতে শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেলে তিনি এই পরিদর্শন করেন।
|আরো খবর
স্টেডিয়াম, আউটার স্টেডিয়াম ও সুইমিংপুলসহ বিভিন্ন অংশ ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, "খেলার মাঠে কোনো বিজয় মেলার আয়োজন করতে দেওয়া হবে না। মাঠে মেলা হলে শিশু-কিশোর ও খেলোয়াড়রা খেলবে কোথায়? প্রশাসন মেলার জন্য অন্য কোনো স্থান নির্ধারণ করুক। খেলার মাঠে কেবল খেলাধুলাই চলবে; কোনো অবস্থাতেই খেলা বন্ধ রেখে মেলা বসাতে দেওয়া হবে না।"
পরিদর্শনকালে তিনি চাঁদপুর স্টেডিয়ামের কর্মকর্তা ও মাঠ সংস্কারকাজে নিয়োজিত কর্মীদের দ্রুত পরিচ্ছন্নতা নিশ্চিত করে মাঠ খেলার উপযোগী করার নির্দেশ দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু ও ডি এম শাহাজাহান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কোচ আনোয়ার হোসেন মানিক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কোচ জাহাঙ্গীর হোসেন গাজী, ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই, শরীফ আশরাফুল হক, ডা. মিজানুর রহমান, ফুটবল কোচ জাহাঙ্গীর পাটোয়ারী, ক্রিকেট কোচ শামীম ফারুকী ও নজরুল ইসলামসহ স্থানীয় খেলোয়াড় ও বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।





