প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ২০:২৭
দিল্লিতে সার্ক সাহিত্য সম্মেলনে যোগ দিচ্ছেন চাঁদপুরের চার গুণী লেখক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘সার্ক সাহিত্য সম্মেলন-২০২৬’-এ যোগ দিতে যাচ্ছেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক, প্রথিতযশা লেখক ও সাংবাদিক কাদের পলাশসহ চারজন বিশিষ্ট লেখক। আগামী ১৪ থেকে ১৯ নভেম্বর ছয় দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ থেকে ১৪ জন কবি ও লেখক অংশ নেবেন বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।
|আরো খবর
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাহিত্যিকদের এই মিলনমেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের বরেণ্য কবি-সাহিত্যিকরা অংশ নেবেন। এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের সাহিত্যিকদের মধ্যে পারস্পরিক ভাববিনিময়, সাহিত্যচর্চা এবং সুদৃঢ় সাংস্কৃতিক যোগাযোগের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন অংশগ্রহণকারীরা।
এবারের সম্মেলনে বাংলাদেশ দলের হয়ে অংশ নিতে যাওয়া চাঁদপুরের অন্য তিনজন লেখক হলেন—খ্যাতিমান লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, কবি ও প্রাবন্ধিক নুরুন্নাহার মুন্নি এবং উদীয়মান কবি ও সংগঠক ম. নূরে আলম পাটওয়ারী।
আন্তর্জাতিক এই সাহিত্য সম্মেলনে চাঁদপুরের চার লেখকের একসঙ্গে অংশগ্রহণকে জেলার পুরো সাহিত্যাঙ্গনের জন্য অত্যন্ত গৌরবময় ও তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্থানীয় সুধীজন। তাঁদের এই অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় সংস্কৃতির প্রতিনিধিত্বের পাশাপাশি চাঁদপুরের সমৃদ্ধ সাহিত্যচর্চা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি হবে।
সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক ও সাংবাদিক কাদের পলাশ বলেন, “সার্ক সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করতে পারা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার চমৎকার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিভিন্ন দেশের কবি-লেখকদের সঙ্গে ভাববিনিময়, অভিজ্ঞতা অর্জন এবং পারস্পরিক সাহিত্যিক সম্পর্ক জোরদার হবে। চাঁদপুরের লেখক হিসেবে এই সম্মেলনে অংশ নিয়ে আমরা আমাদের অঞ্চলের সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে চাই। আশা করি, এই আয়োজন দক্ষিণ এশিয়ার সাহিত্যিকদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।”








