শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৫

কমিউনিটি পুলিশ চাঁদপুর অঞ্চল-৩ ও ৪ পরিদর্শন

রাতের পাহারায় গতি আনতে মাঠে পৌর কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার।।
রাতের পাহারায় গতি আনতে মাঠে পৌর কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ

চাঁদপুর পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাতের পাহারা ও টহল কার্যক্রম জোরদার করেছে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাতে পৌরসভার অঞ্চল-৪ (৬নং ওয়ার্ড) ও অঞ্চল-৩ (১০নং ওয়ার্ড)-এর টহল কার্যক্রম পরিদর্শন করেন কমিটির নেতৃবৃন্দ।

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শাহেদুল হক মোর্শেদের নেতৃত্বে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ টহল সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রাতের পাহারা আরও সক্রিয়, সুশৃঙ্খল ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাতের বেলায় অপরাধপ্রবণ এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবসতিপূর্ণ স্থানে নিয়মিত টহল অব্যাহত রাখতে হবে। টহল সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয়, দায়িত্ববোধ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা গেলে অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

তারা আরও বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক কাজ নয়; একটি নিরাপদ সমাজ গঠনে সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা সম্ভব।

টহল সদস্যদের নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের আশঙ্কা দেখা দিলে তা দ্রুত পুলিশকে অবহিত করার পরামর্শ দেন নেতৃবৃন্দ। একই সঙ্গে পৌরবাসীকেও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তারা। আগামীতে সব অঞ্চল ও ওয়ার্ডেই ধারাবাহিকভাবে এই পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

পরিদর্শনকালে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম খোকন, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সহ-সভাপতি মোস্তফা ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি জনি, সহ-দফতর সম্পাদক রাসেল পারভেজ, অঞ্চল-৪ (৬নং ওয়ার্ড)-এর কাজী হুমায়ুনসহ সংশ্লিষ্ট টহল সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়