প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২২:৪৬
চট্টগ্রামের 'বনফুল' এখন চাঁদপুরে

চট্টগ্রামের ঐতিহ্যবাহী 'বনফুল' এখন চাঁদপুরে। চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকার মিজানুর রহমান চৌধুরী সড়কে বনফুলের শাখা উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে চাঁদপুরে এই প্রথম বনফুলের শাখা চালু হলো।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনফুল অ্যান্ড কোম্পানির ডিজিএম মো. শেখ ফরিদ। এর আগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ইন্সপেক্টর মো. মঞ্জু ও মো. মামুন এবং চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার মো. ফেরদৌস আহমেদ।
এ সময় চাঁদপুরে বনফুলের ভাই ভাই ফুডের পরিবেশক মো. রুবেল হোসেন চৌধুরী, পারভেজ চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাছির আহমেদ বেপারীসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চাঁদপুর রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা জাফর আহমেদ।
উদ্বোধনের প্রথমদিনেই বনফুলের নতুন শাখায় ক্রেতাদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। উদ্বোধনের আগ থেকেই দোকানের সামনে ক্রেতাদের ভিড় দেখা যায়। পরে উদ্বোধনের পরও বিভিন্ন বয়সী ক্রেতারা দোকানে এসে বনফুলের বিভিন্ন পণ্য কিনতে দেখা যায়। নতুন এই শাখা চালু হওয়ায় চাঁদপুরের ক্রেতাদের দীর্ঘদিনের আগ্রহ ও প্রত্যাশারও প্রতিফলন ঘটেছে।
উল্লেখ্য, চাঁদপুরে এর আগে বনফুলের বড় ধরনের কোনো শাখা ছিলো না। এটিই চাঁদপুরে বড় পরিসরে বনফুলের প্রথম শাখা। চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করা বনফুলের এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের মিষ্টি, বেকারি ও খাদ্যপণ্যের জন্য ক্রেতাদের কাছে পরিচিত। চাঁদপুরে শাখা চালু হওয়ায় এখন স্থানীয় ক্রেতারাও হাতের নাগালেই বনফুলের পণ্য কেনার সুযোগ পাবেন।








