প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২০:২৫
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
|আরো খবর
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) ভোররাত ৩টার দিকে শহরতলীর বিরাহিমপুর জোড়াপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকার রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কড়ানগর এলাকার সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের পূর্বাশা এলাকার জুয়েল মিয়া (২৮) এবং সিন্দুরখান রোড এলাকার রাসেল আহমেদ (৩০)।
পুলিশ জানায়, রাত্রিকালীন টহল (কিলো ডিউটি) চলাকালে খবর আসে বিরাহিমপুর জোড়াপুল সংলগ্ন একটি গলিতে একটি প্রাইভেটকারে ৪-৫ জন লোক অবস্থান করছে। তারা অন্য সহযোগীদের জন্য অপেক্ষা করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) দীপংকর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটি ঘেরাও করে। এ সময় বাইরে থাকা ৩-৪ জন সহযোগী পালিয়ে গেলেও গাড়ির ভেতর থাকা ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পরবর্তীতে তাদের তল্লাশি করে একটি সুইস গিয়ার চাকু, একটি কাঠের হাতলযুক্ত ধারালো চাকু, একটি লোহার শাবল, একটি স্টার স্ক্রু-ড্রাইভার ও একটি ফ্ল্যাট স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত কালো রঙের একটি টয়োটা এলিয়ন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫) জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা শ্রীমঙ্গলের কলেজ রোড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তারা একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য।
পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তারকৃত রাসেল মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ ৫টি, জুয়েল মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও নারী-শিশু নির্যাতন দমন আইনে ৫টি এবং সোহেল মিয়ার বিরুদ্ধে চুরির ১টি মামলা রয়েছে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।








