প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৩
মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প ও সচেতনতামূলক সভা

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন বলেছেন, সচেতনতা ছাড়া অপতথ্য, গুজব, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়। একটি নিরাপদ, সুস্থ ও দায়িত্বশীল সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) মৌলভীবাজার সদর উপজেলার মিরপুর হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মিরকো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্প ও সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য যাচাই না করে প্রচার না করার পাশাপাশি মাদক, অপরাধ, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয় প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোহাম্মদ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তামিম আহমদ এবং বাংলা অনুবাদ পাঠ করেন মাওলানা জুবায়ের আহমদ। এরপর মিরকো ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রবন্ধ পাঠ করেন প্রতিষ্ঠানের চেয়ারপার্সন ছড়াশিল্পী মিনারা আজমী।
মিরকো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক এস এম মেহেদী হাসানের পরিচালনায় এবং পরিচালক সাংবাদিক আনহার সমশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজি নাদিমুল হক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ পরিবেশ সংরক্ষণ, নিরাপদ প্রাণিজ খাদ্য, কৃষি, সামাজিক সুরক্ষা, জনস্বাস্থ্য, অপতথ্য প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তাঁরা একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।
অনুষ্ঠানে স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বক্তব্য প্রদানের স্বীকৃতিস্বরূপ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মাজেদ মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভাশেষে আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আয়োজকরা জানান, চক্ষু ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ৩৫ জন ছানি পড়া রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।








