শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০১:০৫

লক্ষাধিক দর্শকের ভিড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ‘পিলারের সেই কিশোর’

আব্দুল্লাহ আল মামুন
লক্ষাধিক দর্শকের ভিড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ‘পিলারের সেই কিশোর’
১২ ফুট উঁচু পিলারে দেড় ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখলো এই কিশোর।

শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)-এর ফাইনাল ঘিরে শুক্রবার (৭ আগস্ট ২০২৬) হাজীগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজীগঞ্জ ক্রীড়া সংস্থার আয়োজিত এ ফাইনাল ম্যাচে বাবুরহাট এফসি ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব।

লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে মাঠ ও এর আশপাশের পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। মাঠের গ্যালারি, চারপাশ, হাজীগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের বিভিন্ন ভবনের ছাদ, এমনকি পার্শ্ববর্তী বাড়িগুলোর ছাদেও ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। খেলা ও পুরস্কার বিতরণী মিলিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ।

তবে এতসব কিছুর মাঝেও সবার নজর কেড়ে নেয় এক কিশোর। আনুমানিক ১২ থেকে ১৪ বছর বয়সী ওই কিশোর মাঠের এক পাশে প্রায় ১২ ফুট উঁচু একটি কংক্রিটের পিলারের মাথায় উঠে দাঁড়িয়ে টানা প্রায় দেড় ঘণ্টা খেলা উপভোগ করে।

দূর থেকে অনেকেই বিস্ময়ের সঙ্গে তাকিয়ে ছিলেন তার দিকে। কীভাবে সে ওই উঁচু পিলারে উঠল, কীভাবে এতক্ষণ ভারসাম্য ধরে দাঁড়িয়ে রইল—এসব প্রশ্ন ঘুরপাক খেয়েছে দর্শকদের মনে। পিলারের ওপর বসারও কোনো সুযোগ ছিল না; পুরো সময়ই তাকে দাঁড়িয়েই খেলা দেখতে হয়েছে।

খেলা যেমন ছিল উত্তেজনাপূর্ণ, তেমনি পিলারের ওপর দাঁড়িয়ে থাকা সেই কিশোরও হয়ে ওঠে দর্শকদের কৌতূহলের অন্যতম বিষয়। অনেকেই খেলার পাশাপাশি বারবার চোখ ফেরান তার দিকে। কেউ কেউ মোবাইল ফোনে তার ছবি ও ভিডিও ধারণ করতেও দেখা যায়।

উপস্থিত দর্শকদের ভাষ্য, এমন দৃশ্য তারা আগে খুব কমই দেখেছেন। প্রিয় দলের খেলা দেখার প্রবল আগ্রহই হয়তো কিশোরটিকে এত বড় ঝুঁকি নিতে উদ্বুদ্ধ করেছে। যদিও বিষয়টি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সামান্য অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।

ফাইনালের রোমাঞ্চ, লক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস এবং সেই সাহসী তবে ঝুঁকিপূর্ণ পিলার-দর্শক কিশোর-- সব মিলিয়ে হাজীগঞ্জের এবারের ফুটবল উৎসব স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন। ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়