প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ২২:৩৫
জুলাই চেতনায় ড্যাফোডিল কলেজে গণঅভ্যুত্থান দিবস পালিত

'জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।
|আরো খবর
বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা, আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী ইসমে আজম তাহারাত। এরপর '৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক সংস্কারের চেয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার বেশি জরুরি' বিষয়ে অনুষ্ঠিত আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্যনির্ভর যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল, শ্রেষ্ঠ বক্তা এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
কবিতা আবৃত্তি পর্বে অংশ নেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাইমুনা আক্তার এবং মানবিক বিভাগের শিক্ষার্থী ইসমে আজম তাহারাত। শিক্ষার্থীদের পক্ষে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং দেশ পুনর্গঠনে তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য দেন আরেফিন পাটোয়ারী ও রাইসা আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতার আত্মত্যাগের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই চেতনাকে ধারণ করে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন উচ্চতর গণিত বিভাগের প্রভাষক মো. কামরুল হাসান এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সমন্বয়ক মো. সাইফুল ইসলাম। তাঁরা জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল তাঁর বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর খান। সভাপতির বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সত্য, ন্যায়, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনী পর্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।








