প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৭:৪০
চাঁদপুরের শিল্পপতিরা চাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে পারেন
--জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় মহাসচিব আইউব আলী হাওলাদার

‘এ দেশের দৃষ্টি প্রতিবন্ধীরা এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত’—এমন মন্তব্য করেছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আইউব আলী হাওলাদার। তিনি বলেন, সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে, কিন্তু কতজন দৃষ্টি প্রতিবন্ধী পরিবার এর আওতায় এসেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন। পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রীর আশপাশের কিছু লোক সঠিকভাবে দায়িত্ব পালন না করলে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের বরাদ্দকৃত (জিআর) চাল দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইউব আলী হাওলাদার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। তবে তাঁর আশপাশে এমন কিছু ব্যক্তি রয়েছেন, যারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না এবং তাঁকে যথাযথ সহযোগিতা দিচ্ছেন না।
তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সমাজকল্যাণমূলক কাজ যথাযথভাবে পরিচালনা করছেন কি না, তা পর্যালোচনা করা উচিত। তিনি অভিযোগ করেন, জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির ওপর বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এ অবস্থার অবসানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
তিনি বলেন, “আমাদের ওপর নির্যাতন চালানো হলে সারা দেশের দৃষ্টি প্রতিবন্ধীরা ঐক্যবদ্ধ হবে। প্রয়োজনে দৃষ্টি প্রতিবন্ধীরাও জাতীয় প্রেসক্লাব ঘেরাও করার সক্ষমতা রাখে। তবে আমরা আন্দোলন চাই না; আমরা এ দেশের নাগরিক হিসেবে আমাদের ন্যায্য অধিকার চাই।”
চাঁদপুর জেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করা আইউব আলী হাওলাদার বলেন, চাঁদপুরে অনেক শিল্পপতি রয়েছেন, যারা চাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে পারেন। কিন্তু বাস্তবে তেমন উদ্যোগ খুব কম দেখা যায়। তিনি জানান, জেলা প্রশাসক সংস্থাকে এক টন জিআর চাল বরাদ্দ দিয়েছেন, যা সংস্থার উদ্যোগে ৪০টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে সরকার ও সমাজের বিত্তবান ব্যক্তিদের দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম মাঝির পরিচালনায় বক্তব্য দেন সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান মাল ও হাফেজ সিরাজুল ইসলাম। এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিক খান, কোষাধ্যক্ষ সামিয়া আক্তার, স্বেচ্ছাসেবী প্রতিবন্ধী সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।







