শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২২:৫৯

বাবুরহাটে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ১২ মামলা

সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান জেলা পুলিশের

আব্দুল্লাহ আল মামুন।।
বাবুরহাটে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ১২ মামলা

চাঁদপুরের গুরুত্বপূর্ণ বাবুরহাটে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, অবৈধ যানবাহন শনাক্তকরণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১২টি মামলা দায়ের করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহের আসেফ। তিনি জানান, পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্ব ও দিকনির্দেশনায় মাসব্যাপী অবৈধ যানবাহন শনাক্তকরণ, চোরাই যানবাহন উদ্ধার এবং সড়কপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বাবুরহাটের এ অভিযান সেই কর্মসূচিরই অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, সড়কে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

অভিযানে দায়িত্ব পালনকারী ট্রাফিক সার্জেন্ট আবদুল গাফ্ফার জানান, অভিযানে মোট ১২টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, সিএনজি অটোরিকশার বিভিন্ন অনিয়ম, উল্টো পথে (রং সাইডে) যান চলাচল ও পার্কিংসহ ট্রাফিক আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ রয়েছে। সরকারি ট্রাফিক বিধিমালা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের অভিযানের ফলে বাবুরহাট এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে। সড়কে বিশৃঙ্খলা কমেছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়