মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০:৫০

চরম ঝুঁকিতে যানবাহন ও যাত্রী সাধারণ

পুরাণবাজার-নতুনবাজার সংযোগ সেতুর দুপাশের সংযোগ সড়কে বহু গর্ত

​মো. মিজানুর রহমান
পুরাণবাজার-নতুনবাজার সংযোগ সেতুর দুপাশের সংযোগ সড়কে বহু গর্ত
ছবি ক্যাপশন- চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর ওপর নির্মিত পুরাণবাজার-নতুনবাজার সংযোগ সেতুর অ্যাপ্রোচ সড়কে বিদ্যমান এসব গর্ত ছোট থেকে দিন দিন বড় হচ্ছে।

চাঁদপুর শহরে বাণিজ্যিক যোগাযোগের অন্যতম মাধ্যম ‘পুরাণবাজার-নতুনবাজার সংযোগ সেতু’। এই সেতুর দুপাশের অ্যাপ্রোচ (সংযোগ) সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। প্রতিদিন হাজার হাজার যানবাহন চরম দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয় বাসিন্দা ও চালকদের দীর্ঘদিনের দুর্ভোগ সত্ত্বেও সড়কটি মেরামতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ।

চাঁদপুর শহরকে দুভাগে বিভক্ত করে রেখেছে ডাকাতিয়া নদী। পুরাণবাজার ও নতুন বাজার—শহরের এই দুই অংশকে সড়ক যোগাযোগের আওতায় আনতে ২৬০ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হয়। চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন এই সেতুটি কেবল শহরের অভ্যন্তরীণ যাতায়াতই নয়, বরং পুরো জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রেখে চলছে।

​গুরুত্বপূর্ণ সড়ক, অথচ চরম অবহেলা :

চাঁদপুরের প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র পুরাণবাজারের ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় মালামাল ও পণ্য আনা-নেয়ার ক্ষেত্রে এই সেতুটির ভূমিকা অপরিসীম। এছাড়া চাঁদপুর সদর উপজেলার দক্ষিণাঞ্চলের ৬টি ইউনিয়ন এবং হাইমচর উপজেলাবাসীর জেলা সদরে আসার এটিই একমাত্র সহজ পথ। পাশাপাশি ফরিদগঞ্জ উপজেলা, লক্ষ্মীপুর জেলার রায়পুর ও রামগঞ্জ এবং চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটের দূরপাল্লার অসংখ্য যানবাহন এই সেতু ব্যবহার করে প্রতিদিন চলাচল করে।

​ঝুঁকিপূর্ণ যাতায়াত ও ক্ষোভ :

সরজমিনে দেখা যায়, সেতুর উভয় পাশের সংযোগ সড়কের পিচ ও সুরকি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে খাদের গভীরতা বোঝা যায় না, ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও পণ্যবাহী ছোট ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটছে অহরহ। যাত্রীদের পাশাপাশি চালক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

​অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের অভিযোগ, ব্যস্ততম এই সেতুটির সংযোগ সড়ক মেরামতের জন্যে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কর্তৃপক্ষের উদাসীনতা কাটেনি। জোড়াতালি না দিয়ে টেকসই মেরামতের মাধ্যমে রাস্তাটি দ্রুত সমতল করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

​জনগুরুত্বপূর্ণ এই সেতুর সংযোগ সড়ক অবিলম্বে সংস্কার করে নির্বিঘ্নে যানবাহন চলাচলের উপযোগী করতে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী সাধারণ মানুষ ও ব্যবসায়ীগণ।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়