প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১৭:৫৫
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিভে গেলো এসএসসি পরীক্ষার্থীর প্রাণ
আহত আরো ৪ জন

ফরিদগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় নারীসহ আরো ৪জন আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত কিশোর বড়ালী গ্রামের আহছান দেওয়ানের ছোট ছেলে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
|আরো খবর
প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনায় আহত লিলু বেগম বলেন, "আমরা অটোরিকশায় ফরিদঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলাম। বড়ালী স্কুলের সামনে অপরদিক থেকে আসা মোটরসাইকেলটির সাথে আমাদের গাড়ির ধাক্কা লাগে। এ সময় আমরাও পড়ে যাই এবং মোটরসাইকেল চালক মেহরাজ মাহমুদ মারা যায়।"
আরেক প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষের পর আমরা ঘটনাস্থল থেকে মোট ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছেন।
নিহতের চাচা আনোয়ার হোসেন বলেন, আরোহী মেহরাজ মাহমুদ জুম্মান স্থানীয় একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। সে অনেক মেধাবী ছিলো, তাকে নিয়ে আমাদের পরিবারের অনেক স্বপ্ন ছিলো। সড়ক দুর্ঘটনায় সে স্বপ্ন নিভে গেলো।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ৫জন রোগী এসেছে। তার মধ্যে একজনকে আমরা মৃত পেয়েছি, বাকি ৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারপূর্বক আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
ছবির ক্যাপশন:
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত মেহরাজ মাহমুদ জুম্মানের জীবদ্দশার ছবি।








