প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০১:২১
জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে
--------শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

জুলাই শহিদ দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত
|আরো খবর
জুলাই শহিদ দিবস ২০২৬ চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল ১০টায় প্রথমে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদেরকে ভুলে গেলে চলবে না, জুলাই আন্দোলন না হলে প্রশাসনের লোকজন ছাড়া আমরা এখানে আসতে পারতাম না। আমাদেরকে শহীদদের পাশে থাকতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে। জুলাই যোদ্ধাদের পাশে আমরা আছি, আমাদের প্রধানমন্ত্রী আছেন এবং থাকবেন। প্রতিবছর যেনো জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলর আয়োজন করা হয়--সে ব্যবস্থা রাখতে হবে। তাহলেই শহিদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানানো হবে।
তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের পরিবারের বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও আপামর জনসাধারণ রাজপথে না নামলে আজকের এই পরিবর্তন সম্ভব হতো না। আমরা এখানে আসতে পারতাম না। এ সময় তিনি জুলাই শহিদ ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং শ্রদ্ধা জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধা সাজ্জাদের পিতা জসিম রেজা, চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সহ-সভাপতি মামুন খান, সদস্য মো. ফজলুর রহমান, ছাত্রনেতা মো. রিফাত হোসেন, জুলাই যোদ্ধা নাজমুস সাহাদাৎ সাকিব এবং সাগর হোসেন।
আলোচনা সভাশেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসাইন। পরে জুলাই শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তাসহ উপহার তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানের শুরুতে জুলাইযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, পিপি অ্যাড. কোহিনুর আক্তার, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ব্যাংকার মুজিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাছিম আহমেদ টিটো, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, শিক্ষার্থী এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধারা।
ডিসিকে/ এমজেডএইচ








