প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৪:৪৭
সিভিল জজ এ. কে. এম. সামিউল হকের মৃত্যুতে চাঁদপুর বিচার বিভাগের শোকসভা ও দোয়া মাহফিল
সড়ক দুর্ঘটনায় নিহত সিভিল জজ এ. কে. এম. সামিউল হকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় চাঁদপুর বিচার বিভাগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১২ আগস্ট ২০২৬) সকালে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে অনুষ্ঠিত শোকসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। সিভিল জজ এ. কে. এম. সামিউল হকের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তাঁর জীবনবৃত্তান্ত পাঠ করেন সিভিল জজ তানজিনা আক্তার।
শোকসভায় বক্তারা প্রয়াত বিচারকের কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। বক্তারা বলেন, একজন বিচারকের এভাবে অকালে ও মর্মান্তিকভাবে চলে যাওয়া বিচার বিভাগে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর কর্মনিষ্ঠা, সততা ও পেশাগত দায়িত্ব পালনের স্মৃতি সহকর্মীদের মাঝে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রয়াত সিভিল জজ এ. কে. এম. সামিউল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল হোসাইন।
চাঁদপুর বিচার বিভাগের বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ শোকসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং প্রয়াত বিচারকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, সিভিল জজ এ. কে. এম. সামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় গত ১১ আগস্ট ২০২৬ তারিখে জামালপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে বিচার বিভাগে গভীর শোকের ছায়া নেমে এসেছে।







