শনিবার, ০৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২১:৫৪

কলার হ্যান্ডওভার ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের নতুন বছরের পথচলা শুরু

তাইয়্যেব/ কাজী নাহিন॥
চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের নতুন বছরের পথচলা শুরু

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব কলার হ্যান্ডওভার ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে রোটারী বর্ষ ২০২৬-২০২৭-এর কার্যক্রম শুরু করেছে। ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকেলে চাঁদপুর রোটারী ভবনের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি রোটার‌্যাক্টর আফজাল কাজী নবনির্বাচিত সভাপতি রোটার‌্যাক্টর বেবিন্টন দাস কিরণকে প্রেসিডেন্সিয়াল কলার পরিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। একই সঙ্গে ক্লাবের অফিসিয়াল প্রেসিডেন্ট ফাইলও নবনির্বাচিত সভাপতির হাতে তুলে দেন।

এ সময় বিদায়ী সাধারণ সম্পাদক রো. রাকিব খান কার্যবিবরণী প্রতিবেদন উপস্থাপন করেন। পরে তিনি ক্লাবের সকল অফিসিয়াল ফাইল ও প্রয়োজনীয় নথিপত্র নবনির্বাচিত সাধারণ সম্পাদক রো. রাইসান রাকিবের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি সংগঠনকে শক্তিশালী ও কার্যকর করতে পারস্পরিক সমন্বয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিয়মিত ক্লাব মিটিংয়ে উপস্থিতি, শৃঙ্খলা, নেতৃত্বের প্রতি শ্রদ্ধা এবং সহানুভূতিশীল মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব গুণাবলি একটি সংগঠনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করে এবং সংগঠনকে সুশৃঙ্খল ও আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে।

তিনি আরো বলেন, নবনির্বাচিত সভাপতি একজন শিক্ষক। একজন শিক্ষকের মূল লক্ষ্যই হলো সেবার মানসিকতা নিয়ে সমাজের কল্যাণে কাজ করা। তিনি আশা প্রকাশ করেন, ক্লাবের সভাপতি হিসেবে বেবিন্টন দাস কিরণ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সচিবসহ ক্লাবের সকল সদস্যও তা-ই করবেন। ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবেন। শেষে তিনি নবনির্বাচিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৬-২০২৭ রোটারী বর্ষের সভাপতি রোটারিয়ান অ্যাড. পলাশ মজুমদার ও সাধারণ সম্পাদক রোটারিয়ান রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট-ইলেক্ট উজ্জ্বল হোসাইন, সহ-সভাপতি রোটা. গোপাল সাহা, রোটা. সাইফুল ইসলাম রনি, রোটা. দেলোয়ার হোসেন সুমন, রোটা. আল-আমিন, রোটা. রেজাউল ইসলাম রকিসহ রোটারিয়ান, রোটার‌্যাক্টর ও ইন্টার‌্যাক্টর নেতৃবৃন্দ। বক্তারা নবনির্বাচিত নেতৃত্বকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি রো. এনামুল ইসলাম সাব্বির, রো. শাহজালাল লিটন, রো. শাহরিয়ার খান হিমেল, রো. কাজী আজিজুল হাকিম নাহিন উপস্থিত ছিলেন। এছাড়া ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম, ওবায়দুর রহমান, জয়েন্ট সেক্রেটারি শারমিন আক্তার, ট্রেজারার নীরব, ক্লাব সার্ভিস ডিরেক্টর তাইয়্যেব, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর শান্তা আক্তার, এডিটর জহিরুল ইসলাম, বুলেটিন এডিটর আবরার ইসলাম, চিফ সার্জেন্ট-অ্যাট-আর্মস আল আমিন, সদস্য তারা বানু, মহিমা ইসলাম কাইফাসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে নবনির্বাচিত সভাপতি বেবিন্টন দাস কিরণ তাঁর বছরের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়