প্রকাশ : ১১ জুন ২০২৬, ২০:৫১
কচুয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা

শিক্ষার মানোন্নয়নে কচুয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি খায়রুল আবেদিন স্বপন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রীর উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার।
|আরো খবর
প্রধান অতিথি বলেন, আমাদের সন্তানদের সুশিক্ষায় সুশিক্ষিত করতে মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় আমরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি। পড়ালেখার কোনো বিকল্প নেই। শিক্ষামন্ত্রীর স্বপ্নই হলো আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।
প্রধান আলোচক অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদার বলেন, সমগ্র উপজেলায় একই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পড়ালেখায় কোনো বৈষম্য থাকবে না। সকল ছেলেমেয়ে যেনো ভালো ফলাফল করতে পারে সেজন্যে অতিরিক্ত ক্লাস নেয়া হবে। কচুয়াকে শিক্ষার মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সকলের সহযোগিতা চাই।
প্রভাষক মো. ফারুক হোসেন ও নজরুল ইসলামের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া সরকারি টেকনিকাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ আবুল কালাম আজাদ, কাদলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাইন উদ্দিন মজুমদার মানিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার।
আরো বক্তব্য রাখেন অভিভাবক মো. জালাল প্রধান, মিজানুর রহমান, সমাজসেবক মোহাম্মদ হোসাইন, প্রতিষ্ঠানের শিক্ষার্থী তানভীর, মহিতুল আলম, নাহিদা নাসরিন, ইমতিয়াজ আহমেদ শুভ প্রমুখ।
আলোচনা শেষে প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।








