প্রকাশ : ২৪ মে ২০২৬, ১১:৫১
দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
মাদক-ইভটিজিং-কিশোর গ্যাং প্রতিরোধে প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি করা হবে
------শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক ২০২৫ শিক্ষাবর্ষে চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসার ১৫৬ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।
|আরো খবর
শনিবার (২৩ মে ২০২৬) সকালে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড মাদ্রাসা ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড--এটা ভুলে গেলে চলবে না। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। মেধাবী শিক্ষার্থীরাই দেশের নেতৃত্ব দিবে। চাঁদপুরে বিশ্ববিদ্যালয়ের কাজ সম্পন্ন হলে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে পড়ার সুযোগ পাবে। আর ইপিজেড স্থাপন হলে কর্মসংস্থানও নিজ জেলায় হবে।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনায় তাদের মধ্যে উৎসাহ তৈরি হবে। সরকারি বিধি বিধান মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হবে।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক, ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি করা হবে। এই কমিটিকে প্রতিদিন এক ঘন্টা করে সময় দেবেন এবং আলোচনা করবেন। তাহলে প্রতিটি এলাকায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধগুলো কমে আসবে। আপনারা সন্তানদের প্রতি আরো যত্নবান হবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুম। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা মো. নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, অ্যাড. শেখ আবুল খায়ের মো. সালেহ, হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান এবং প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস শুক্কুর মোস্তান।
সবশেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা। এ সময় প্রধান অতিথি তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী উপহার দেন।
মনোরম পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
ডিসিকে/ এমজেডএইচ








