মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ২০:১০

ইফার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন

বর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা চালু করে আলেমদের প্রিয় হয়েছেন

............মাও. মো. সাইফুদ্দিন খন্দকার

স্টাফ রিপোর্টার
বর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা চালু করে আলেমদের প্রিয় হয়েছেন
ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলনে বক্তব্য রাখেন আইম্মায়ে হিযবুল্লাহর উপদেষ্টা মাও. মো. সাইফুদ্দিন খন্দকার।

বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরে চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আইম্মায়ে হিযবুল্লাহর উপদেষ্টা মাও. মো. সাইফুদ্দিন খন্দকার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্যে মাসিক ভাতা চালু করে আলেম সমাজের প্রিয় ও ভালোবাসা অর্জন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইমামদের আর্থ-সামাজিক উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনে ইমামদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছিলেন। ১৯৯৩ সালে মরহুম বেগম খালেদা জিয়া মসজিদভিত্তিক শিশু শিক্ষা প্রকল্প চালু করেছিলেন। ইমামরা সমাজের নৈতিক দিকনির্দেশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের মর্যাদা ও কল্যাণে সরকারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাধ্যমে সমাজে ইসলামের সঠিক শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে পড়ছে। দেশ গঠনে আলেম সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইমামদের দক্ষতা বৃদ্ধি, ধর্মীয় জ্ঞান সম্প্রসারণ এবং সামাজিক সচেতনতা তৈরিতে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদার হলে সমাজে অপরাধ ও অনৈতিক কার্যক্রম হ্রাস পাবে।

চাঁদপুর সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মাও. জুলফিকার হাসান মুরাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহী জামে মসজিদের খতিব মাও. আব্দুল্লাহ আল মামুন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ষোলঘর জামে মসজিদের ইমাম মাওলানা সানাউল্লাহ। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন দাসাদী বাইতুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক চাঁদপুরী।

সম্মেলনে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাও. মো. সাইফুদ্দিন খন্দকার।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ গ্রহণ করে যেসব ইমাম প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মৎস্য চাষ, পশুপালন ও মানবসম্পদ উন্নয়নে সচিত্র ভূমিকা রেখেছেন, তাদেরকে বাছাই করে জেলা পর্যায়ে মনোনীত করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়