প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ২০:১১
শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মমিনের ইন্তেকাল

শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা সমবায় সমিতি (বিআরডিবি)-এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন (৮০) শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুর ১ টায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
|আরো খবর
পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল মমিন দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টে ভুগছিলেন। ২৬ মার্চ তিনি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানের নামের তালিকায় তাঁর নামটি উল্লেখ না থাকায় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মমিনুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নামটি অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। ১৯৭১ সালে তিনি স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশ নেন। এরপর উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ৪ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ১৮ মাস উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও হাঁস প্রতীক নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি উপজেলা বিআরডিবির তিন বারের নির্বাচিত সভাপতি। রাজনীতিতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। আশির দশকে তিনি জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করলেও পরবর্তীতে তিনি বিএনপিতে যোগদান করেন। জীবনের শেষ দিকে এসে তিনি শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের নিয়ে সময় কাটাতেন। শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুরে তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ফটিকখিরায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। রোববার সকাল ১১ টায় ফটিকখিরা বালিকা হাই স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।








