রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২২:২৯

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের ইন্তেকাল

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার।।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের ইন্তেকাল

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, জেলা শহরের ওয়্যারলেস বরকন্দাজ বাড়ি জামে মসজিদের সভাপতি মো. সিরাজুল ইসলাম বরকন্দাজ (৭৮) আর নেই। তিনি রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ৭টায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.........রাজিউন)।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে স্বজন, সহযোদ্ধা ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন ধরে তিনি তাঁর আবাসস্থল ওয়্যারলেস এলাকার মানুষের সঙ্গে সামাজিকভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

মরহুমের নামাজে জানাজা রোববার বাদ আসর নিজ বাড়ির সামনে মধ্য তরপুরচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন বরকন্দাজ বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মো. দ্বীন ইসলাম চাঁদপুরী। জানাজার পূর্বে মরহুমের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা আহ্বায়ক শহীদুল আলম রব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মো. জহিরুল ইসলাম,

ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, মুক্তিযোদ্ধা ছানাউল্লাহ খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারী, সাবেক পৌর কাউন্সিলর মো. আলমগীর গাজী, মুক্তিযোদ্ধার সন্তান সংসদের জেলা আহ্বায়ক মো. শাহ্ আলম, মরহুমের ছেলে মো. মামুন বরকন্দাজ প্রমুখ।

জানাজাশেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব আনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী ও মুক্তিযুদ্ধের সহযোদ্ধাদের মধ্যে শোকের আবহ বিরাজ করে। সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়