প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৪:৪৮
স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় অভিযোগ করলেন স্ত্রী

শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখে দুর্গন্ধ ও নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক স্ত্রী। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
|আরো খবর
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাগৈ (সুদূর বাড়ি) গ্রামের বাসিন্দা পারভীন আক্তার (৫০) তার স্বামী ছেরাগ আলী (৮০)-এর বিরুদ্ধে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তাকে গালমন্দ ও মারধর করে আসছেন।
ভুক্তভোগী পারভীন আক্তার আরও জানান, তার স্বামীর মুখে প্রচণ্ড দুর্গন্ধ থাকায় তিনি বারবার মুখ পরিষ্কার রাখার জন্যে অনুরোধ করলেও তা উপেক্ষা করা হয়। ফলে ঘরের ভেতরে থাকা তার জন্যে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে স্বামী তাকে শারীরিকভাবে নির্যাতন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
তিনি অভিযোগে আরও বলেন, স্বামীর এমন আচরণ ও দুর্গন্ধের কারণে বর্তমানে তার পক্ষে একই ঘরে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই বিষয়টির সুষ্ঠু সমাধান ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানার হস্তক্ষেপ কামনা করেছেন।







