প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৭:০৯
বাশঝাঁড়ে মিললো যুবকের ঝুলন্ত লাশ

ফরিদগঞ্জে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে মো. আলাউদ্দিন রিয়াজ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ মার্চ ২০২৬) রাতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ফনিশাইর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. আলাউদ্দিন রিয়াজ ওই গ্রামের হারুন গাজীর ছেলে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সোমবার (৩০ মার্চ ২০২৬) সকালে পোস্ট মর্টেমের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
|আরো খবর
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্বাছ শেখ বলেন, মো. আলাউদ্দিন রিয়াজ নিজে কাজ নিয়ে ইলেকট্রিক ও পাইপ ফিটিংসের কাজ করতো। সাম্প্রতিক সময়ে তিনি সঙ্গদোষে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। মাদকের সাথে সম্পৃক্ত হওয়ায় পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে তাকে বকাঝকা করতো। প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় সে বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুজির এক পর্যায়ে তার বসতবাড়ির উত্তর-পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মো. আলাউদ্দিন রিয়াজের মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।








