প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১৬:১৪
ফরিদগঞ্জে চারতলা ভবন হেলে পড়ার অভিযোগ
তদন্ত কমিটি গঠন, উভয় ভবন খালি করার নির্দেশ প্রশাসনের

ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর সড়কে চারতলা একটি ভবন পাশের একটি চারতলা ভবনের দিকে হেলে পড়ার অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে পৌর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে উভয় ভবনের বাসিন্দাদের দ্রুত ভবন ত্যাগ করার নির্দেশনা ও ৪ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।
|আরো খবর
জানা গেছে, ফরিদগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের মিরপুর সড়কে দেলোয়ার হোসেনের চারতলা ভবনটি কয়েক ইঞ্চি পাশের আক্তার পাটওয়ারীর চারতলা কবনের দিকে হেলে পড়েছে । সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুরের দিকে বিষয়টি দৃষ্টি গোচর হলে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিপরীত ভবনের ম্যানেজার মাহা গাজী বলেন, সোমবার সকালের দিকে ভবনটি হেলে পড়ার দৃশ্য চোখে পড়ে। স্থানীয় লোকজন জানায়, দুটি ভবনই ধানক্ষেতের ওপর নির্মাণ করা হয়েছে। তবে একটি সূত্র জানিয়েছে, এই ভবনটি আগের থেকেই এভাবে ছিলো। দু ভবন মালিকের মধ্যে দ্বন্দ্বের কারণে হঠাৎ করেই ভবন হেলে পড়ার অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার একজন কর্মকর্তা জানান, ভবন নির্মাণ বিধি দুটি ভবনের কোনো মালিকই মেনে চলেন নি। সেই সময়ে উভয়ের মধ্যে হয়তোবা সুসম্পর্ক ছিলো। তবে বিষয়টি ভালোভাবে দেখার প্রয়োজন রয়েছে।
ফায়ার সার্ভিস ফরিদগঞ্জ-এর কমান্ডার কামরুল ইসলাম জানান, তারা ভবন হেলে পড়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তার খাতিরে তাৎক্ষণিক উভয় ভবনের বাসিন্দাদের ভবন ত্যাগ করার জন্যে নির্দেশনা দিয়েছেন।
ফরিদগঞ্জ পৌরসভার নক্সাকার আল আমিন জানান, ২০০৭ সালে ভবন দুটি পর পর নির্মিত হয়েছে। বর্তমানে উভয় ভবনই চারতলা বিশিষ্ট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া জানান, ভবন হেলে পড়ার সংবাদ পেয়ে দ্রুত পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। ৪ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। এ টিমের সদস্যরা হলেন : গণপূর্ত বিভাগের এসডিই, পৌরসভার নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী ও ফায়ার সার্ভিসের কমান্ডার। তারা ঈদের পরে তদন্ত করে রিপোর্ট জমা দেবে । সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আপাতত ভবনটি দুটিতে কেউ যেনো বসবাস না করে তার নির্দেশনা দেয়া হয়েছে।







