প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১০
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা দিলেন কাজী জিয়া

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা দিলেন হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাজী জিয়াউর রহমান জিয়া। প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপ্রধানে শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কাজী জিয়াউর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠান হাজীগঞ্জ প্লাজার 'রুপের হাটে' এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
|আরো খবর
সংবাদ সম্মেলনে জিয়া বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও পেশীশক্তি মুক্ত শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতকরণ হচ্ছে আমার লক্ষ্য ও উদ্দেশ্য। পাশাপাশি বাজারে চুরি বন্ধে পুরো বাজারে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হবে। এখানে কারো পেশী শক্তি ব্যবহারের সুযোগ নেই এবং কাউকে সেই সুযোগ দেওয়া হবে না।
জেলার প্রাণকেন্দ্র ‘হাজীগঞ্জ বাজার’ উল্লেখ করে তিনি বলেন, হাজীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যবসায়ীদের সহায়তা করার লক্ষ্যে আর্থিক তহবিল গঠন করা হবে। এছাড়া ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার জন্যে যা যা করণীয়, ব্যবসায়ীদের সাথে আলোচনা ও মতামতের ভিত্তিতে সবকিছুই আমি করবো।
সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে কাজী জিয়াউর রহমান বলেন, স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করার পর হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সাধারণ সভা ও সর্বস্তরের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে সমিতির কার্যকরী পরিষদের মেয়াদ ২, ৩ কিংবা ৫ বছর নির্ধারণ করা হবে।
চাঁদপুর-৫ আসনের নবনির্বাচিত সাংসদ ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাজী জিয়া বলেন, আমাদের সাংসদ বলেছেন স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করার পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরাও আশাবাদী সাংসদ মহোদয়ের সার্বিক সহযোগিতায় বাজারের নির্বাচন ও ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা হবে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাজারের ব্যবসায়ী, প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কাজী জিয়াউর রহমান গত ২৫ বছর যাবৎ হাজীগঞ্জ বাজারে ব্যবসা করে আসছেন। তিনি হাজীগঞ্জ বাজারস্থ রুপের হাট, পরিস্থান ও বিগবস ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী।
দীর্ঘদিন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় একটি অনিশ্চিত পরিবেশ বিরাজ করায়
সম্প্রতি উপজেলা প্রশাসন কর্তৃক সুধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় হাজীগঞ্জ বাজারসহ উপজেলার সকল হাটবাজারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের কথা উল্লেখ করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নবনির্বাচিত সাংসদ ইঞ্জি. মমিনুল হক। সে আলোকে কাজী জিয়াউর রহমান জিয়া হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করার সুযোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।








