মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৩

ওয়াজ মাহফিলকেন্দ্রিক মেলার চাঁদা তোলাকে কেন্দ্র করে ফরিদগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ ॥ আহত ৫

স্টাফ রিপোর্টার।।
ওয়াজ মাহফিলকেন্দ্রিক মেলার চাঁদা তোলাকে কেন্দ্র করে ফরিদগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ ॥ আহত ৫

ফরিদগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিল উপলক্ষে মেলার মতো বসানো অস্থায়ী দোকানপাট থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা চাঁদপুর ও ফরিদগঞ্জের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এক গ্রুপ বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র এমপির সমর্থক এবং অপর গ্রুপ ধানের শীষ প্রার্থীর সমর্থক। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) রাতে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের বেপারী বাজার সংলগ্ন সন্তোষপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্তোষপুর দরবার শরীফের বার্ষিক ইছালে সওয়াব উপলক্ষে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সন্তোষপুর দরবার শরীফ এলাকায় মেলার মতো ভ্রাম্যমাণ দোকান বসে। ওই দোকানগুলো থেকে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র এমপির সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ সৃষ্টি হয়। এতে বিএনপি সমর্থক আলম বেপারী, রাজু বেপারী, রিয়াজ বেপারী ও রুবেল বেপারী আহত হন। আহতদের মধ্যে আলম বেপারী ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ও অন্যরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

আহতরা জানান, স্বতন্ত্র এমপির সমর্থক আলী আকবর তাদের লোকজনসহ এই হামলা চালায় তাদের ওপর।

ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এমদাদুল হক জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহত ব্যক্তিদেরকে চিকিৎসার জন্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়