প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫০
চাঁদপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের কর্মশালা ও ইফতারে চাঁদপুর সদরের এমপি
জনগণ যা চায় সরকারি দলের ভূমিকা তা-ই হবে

চাঁদপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম ( এমএএফ)'র সৌহার্দ্য সংলাপ (কর্মশালা ও ইফতার) অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবের নিচতলায় কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালা শেষে ইফতারপূর্ব মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
'রাজনৈতিক সম্প্রীতি ও উন্নয়ন' কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণ যা চায় সরকারি দলের ভূমিকা তা-ই হবে। একার পক্ষে সব সম্ভব নয়। আমরা এবং বিরোধী দল মিলে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করবো। তরুণ সমাজের ৪১% ভোটে আমরা নির্বাচিত হয়েছি। তরুণ সমাজ যদি গর্জে উঠে, ১৫ বছরের সরকার যা করেছে তার মুখোমুখি হতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম স্লোগান 'সবার আগে বাংলাদেশ'। আমরা এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে চাই। আমি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে বলবো, আগামীতে তরুণদেরকে যেনো ট্রেনিং দেয়া হয়। তাহলে তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করবে।
এমএএফ (মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম) চাঁদপুর-এর সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান, পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতে ইসলামীর আমির বিল্লাল হোসেন মিয়াজী ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।
এমএএফ চাঁদপুরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিয়াজী, এনসিপি চাঁদপুরের প্রধান সমন্বয়ক মাহবুব আলম, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, এমএএফ'র সহ-সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, অ্যাড. কুহিনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, ফয়সাল আহমেদ বাহার, সদস্য অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, নাহিদা সুলতানা সেতু প্রমুখ।
১ম অধিবেশন পরিচালনা করেন জুনিয়র ফেলো, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান, সদর থানা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন খান। ২য় অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি সিরাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।
বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ এবং এনসিপি নামক রাজনৈতিক দলগুলো একত্রে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যা রাজনৈতিক ঐক্যের একটি দৃষ্টান্ত। এতে যুক্তরাজ্যের এফসিডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বি-স্পেস প্রকল্প সহায়তা করে।








