মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৪

চাঁদপুর বাসস্ট্যান্ডে হাতপাখা প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভা

চাঁদপুরবাসীর খাদেম হিসেবে যেন আল্লাহতা'লা আমাকে কবুল করে

------- শেখ মোহাম্মাদ জয়নাল আবেদীন

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুরবাসীর খাদেম হিসেবে যেন আল্লাহতা'লা আমাকে কবুল করে
চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রাথী শেখ মোহাম্মাদ জয়নাল আবেদীন। ছবি : ইয়াসিন ইকরাম।

৫৪ বছরে এই বাংলাদেশের জনগণসহ আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে অনেক সরকারকে সংসদে পাঠিয়েছি। এতোদিন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিলো, তারা দেশের উন্নয়ন করবে, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, শিক্ষাব্যবস্থা এবং চিকিৎসার পরিবর্তন হবে, এদেশের মানুষ অন্তত দু বেলা ডাল-ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু আমরা কী দেখলাম, যাদেরকে আমরা সংসদে পাঠিয়েছি তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। দেশের মানুষ অথবা দেশের পরিবর্তন আমরা দেখি নি। যারা মন্ত্রী হয়েছিলো, এমপি হয়েছিলো তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করেছে। আমরা দেখেছি তাদের বেগমদের জন্যে বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন। আমরা দেখেছি আমাদের ট্যাক্স ও ভ্যাটের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয়া হয়েছে। এসব কথা বলেন চাঁদপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে

'এসো জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীর নির্বাচনী জনসভায় সভাপতি হিসেবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, এখনো দেখছি ভোটের জন্যে অনেক নেতারা বড়ো বড়ো অফার আমাদের সামনে তুলে ধরছে। এ রকম অফার আমরা বিগত দিনেও দেখেছি। ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে বলে ৭০ টাকা করে খেতে হয়েছে। তাই বলছি, অফার গ্রহণ করার আগে কিন্তু আমাদের শর্ত বুঝে নিতে হবে। আমাদের কাছে কালো টাকা নেই, আমাদের কাছে পেশী শক্তি নেই, আমাদের কাছে দুর্নীতির চাঁদাবাজির টাকা নেই, আমরা মানুষকে টাকা দিয়ে ভোট কিনতে পারবো না, আমরা মানুষের অন্তর জয় করে দেশকে জয় করতে চাই। আপনাদের দোয়ার বরকতে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার সৌভাগ্য হয়েছে। মানুষ আর বিগত দিনের রাজনীতি দেখতে চায় না। মানুষ এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। আমরা মানুষ, আমরা মানবতার কাণ্ডারী, আমরা মানুষের সেবা করতে চাই। কোনো এমপি মন্ত্রী হওয়া আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। যেহেতু এটা একটি বিশাল সেবার জায়গা, তাই চাঁদপুর-৩ আসনে আল্লাহ যদি আমাকে কবুল করেন, তাহলে আপনাদের সেবা করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহতা'লা যদি আমাদেরকে কবুল করে আমরা ওলামাসহ মসজিদের ইমামদের সাথে নিয়ে মানুষের সেবার কাজে নিয়োজিত হবো। আসছে ভোট, এই ভোট পবিত্র আমানত, ভোট হলো সাক্ষী, ভোট হলো সমর্থন করা, আপনার এই পবিত্র আমানত নিয়ে কোনো ব্যক্তি যদি সংসদ সদস্য হয়, প্রতিনিধি হয়ে সে সেখানে গিয়ে যদি জনগণের হক নষ্ট করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে, আপনাদের মাথাপিছু বরাদ্দ যদি চুরি করে, তখন সে কিন্তু একাই অপরাধী নয় বরং যারা ভোট দিয়েছে তারাও সমান অপরাধী। সময় হয়েছে আপনাদের বিবেককে জাগ্রত করার। আপনারা যদি প্রত্যেক প্রাপ্তির সাথে কম্পেয়ার করে যদি ভাল মনে করেন, তাহলে এ দেশের সকলের মার্কা এবার হাতপাখা। চাঁদপুরবাসীর খাদেম হিসেবে যেন আল্লাহতালা আমাকে কবুল করে--আমি আপনাদের কাছে এই দোয়া চাই। আমি চাঁদপুর সদর ও হাইমচরের সকল উন্নয়নে সকলকে নিয়ে কাজ করতে চাই।

বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও জেলা ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী কেএম ইয়াসিন রাসেদসানির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা জামিল আহমেদ জাকির, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. বিল্লাল হোসেন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি ইমরান হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল প্রমুখ।

সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হয়।

সমাবেশশেষে হাতপাখার সমর্থনে শহরে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশন রোড, মুক্তিযোদ্ধা সড়ক হয়ে শপথ চত্বরে এসে শেষ হয়।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী হারুনুর রশিদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়