প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২৩:২২
শ্রীনগরে বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী 'বৌচি' খেলায় মেতেছে মুখলেস মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীরা

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু, কানামাছি, দাঁড়িয়াবান্দা ও বৌচির মতো জনপ্রিয় খেলাগুলো আজ যখন বিলুপ্তির পথে, আর অধিকাংশ শিশু-কিশোর ব্যস্ত মোবাইল গেমসের আসক্তিতে; ঠিক তখনই শ্রীনগরে এক ভিন্ন ও আনন্দঘন দৃশ্য দেখা গেছে।
|আরো খবর
শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া এলাকায় অবস্থিত মুখলেস মেমোরিয়াল একাডেমির প্রাঙ্গণে শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী 'বৌচি' খেলায় মেতে উঠতে দেখা যায়। বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয়ের টিফিনের বিরতিতে আফিয়া, রাফিয়া ও স্নিগ্ধাসহ অনেকেই তাদের সহপাঠীদের নিয়ে মেতে ওঠে এই গ্রামবাংলার লোকজ খেলায়।
শিক্ষার্থীরা জানায়, টিফিনের ফাঁকে কিছুটা আনন্দ ও বিনোদনের জন্যই তারা দলবেঁধে এই বৌচি খেলার আয়োজন করেছে।
এ বিষয়ে অভিভাবকরা জানান, উপযুক্ত খেলার মাঠের অভাব এবং সুযোগ-সুবিধার অভাবে আজকাল শিক্ষার্থীরা অবসর সময়ে মোবাইল স্ক্রিনে বন্দি হয়ে পড়েছে। লেখাপড়ার পাশাপাশি যদি শিক্ষার্থীরা এমন উন্মুক্ত মাঠ ও খেলাধুলার সঠিক পরিবেশ পায়, তবে তাদেরকে সহজেই মোবাইল গেমসের ক্ষতিকর আসক্তি থেকে ফিরিয়ে আনা সম্ভব।








