রবিবার, ০২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ২১:৫৬

প্রস্তুতির বাঁশি বেজে উঠলো

অনলাইন ডেস্ক
প্রস্তুতির বাঁশি বেজে উঠলো

প্রধানমন্ত্রী গোল্ডকাপকে সামনে রেখে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

আব্দুল্লাহ আল মামুন।। প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাফল্যের লক্ষ্য নিয়ে চাঁদপুর সদরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। ভবিষ্যৎ তারকা ফুটবলার খুঁজে বের করা এবং একটি শক্তিশালী দল গঠনের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রোববার (২ আগস্ট ২০২৬) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন।

জানা যায়, বিদ্যালয়ের সাতটি হাউসের খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় খেলোয়াড়দের নৈপুণ্য, শারীরিক সক্ষমতা, দলীয় সমন্বয় ও কৌশলগত দক্ষতা মূল্যায়নের মাধ্যমে সেরা খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী দল গঠন করা হবে। সেই দলটি আসন্ন প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিনিধিত্ব করবে।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মোশারফ হোসেন বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে তোলে। আমি আশা করি প্রতিটি হাউসের খেলোয়াড় নিজেদের সর্বোচ্চ সামর্থ্য ও পরিশ্রমের মাধ্যমে যোগ্যতা প্রমাণ করবে এবং বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজকে জেলার সেরা অবস্থানে নিয়ে যাবে।

এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জুয়েল বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই সেরা খেলোয়াড়দের নির্বাচন করা হবে। আমরা বিশ্বাস করি, একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল গঠন করে প্রধানমন্ত্রী গোল্ডকাপে অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করবে।

উদ্বোধনী ম্যাচকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলার শুরু থেকেই মাঠজুড়ে প্রাণবন্ত পরিবেশ, দর্শকদের করতালি এবং খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের আরও উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে। আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্যে দক্ষ খেলোয়াড় তৈরি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়