প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২১:০৩
মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে
রূপসায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে এবং যুব ও তরুণ সমাজকে ক্রীড়ামুখী করার প্রচেষ্টার অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে রূপসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়েছে।
|আরো খবর
শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেলে স্থানীয় রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রূপসা জমিদার পরিবারের সদস্য, খান বাহাদুর নাসির উদ্দিন চৌধুরী ওয়াক্ফ এস্টেট, তহুরুননেছা চৌধুরানী ওয়াক্ফ এস্টেট এবং আব্দুল লতিফ চৌধুরী ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লি ও বাংলাদেশ ওয়াক্ফ এস্টেট ফাউন্ডেশনের মহাসচিব এবং মোহাম্মদ গাজী ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের বিপথগামী তরুণ ও যুবসমাজকে ফিরিয়ে আনতে হবে। মাদক আমাদের সমাজের অভিশাপ। অন্যদিকে অভিভাবকদের অসচেতনতার কারণে তাদের সন্তানরা কিশোর গ্যাংয়ে পরিণত হয়। কিশোর ও তরুণরাই আমাদের আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। এতোদিন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের কারণে আমরা এসব আয়োজন করতে পারিনি। ফলে ফরিদগঞ্জের যুবসমাজ অন্ধকারের পথে চলে যাচ্ছে। তাদের আবারো সুস্থ ধারায় ফিরিয়ে আনতে আমরা রূপসায় আবারো খেলার আয়োজন শুরু করেছি। ঐতিহ্যবাহী রূপসা মাঠে রূপসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তা শুরু হলো। আশা করছি প্রতিদিন মাঠে হাজার হাজার যুবক ও তরুণরা হাজির হয়ে খেলা উপভোগ করবে।
টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ও রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অ্যাড. আহসান উল্লাহ ও কেন্দ্রীয় যুবদল নেতা অ্যাড. নাহিদুল ইসলাম নাহিদ।
এছাড়া আরো বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, তোফায়েল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নোবেল, রবিউল ইমাম বাবু, ফারুক খান প্রমুখ।
উদ্বোধনী খেলায় চাঁদপুর একুশে ক্লাব ফরিদগঞ্জ এমএম স্কোয়াডকে পরাজিত করে শুভ সূচনা করে।








