প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৬:৫১
স্পেনের শৈল্পিক খেলা আমাকে মুগ্ধ করে
......... নুরুল ইসলাম ফরহাদ

ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, সুলেখক ও সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ফরহাদ ফুটবল বিশ্বকাপ ২০২৬ নিয়ে তাঁর ভাবনা প্রসঙ্গে বলেছেন, ফুটবল খেলাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে স্পেন। বল নিজের পায়ে রেখে প্রতিপক্ষকে দীর্ঘ সময় দৌড়ের মধ্যে রেখে ক্লান্ত করে তারপর গোল দেওয়া স্পেনের পুরানো দর্শন। সত্যি বলতে স্পেনের শৈল্পিক খেলা আমাকে মুগ্ধ করে। স্পেন জাতীয় ফুটবল দল বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এবং ভারসাম্যপূর্ণ দল। তারা সাম্প্রতিক ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন এবং বর্তমান বিশ্বকাপেও অন্যতম প্রধান ফেভারিট। একঝাঁক তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই স্কোয়াডটি তাদের নজরকাড়া পাসিং ফুটবল বা 'টিকি-টাকা' কৌশলের জন্যে বিশ্বজুড়ে পরিচিত।
|আরো খবর
স্পেনের তরুণ তুর্কিরা একই বছর অলিম্পিকের স্বর্ণপদকও জিতে নিয়েছে। স্পেন যখন জেতে তখন টানা সব বড় টুর্নামেন্ট জেতে।
স্পেনের খেলোয়াড়দের দক্ষতা, একটা দল হয়ে উঠার ক্ষমতা এবং কোচের নির্দেশনা মিলিয়ে বিশেষজ্ঞরাও ভাবছেন এই বিশ্বকাপের ফেভারিট দল হচ্ছে স্পেন।
স্পেনের রানি ইসাবেলার পৃষ্ঠপোষকতাতেই কলম্বাস আবিষ্কার করেছিলেন ইউরোপ থেকে আমেরিকা যাবার পথ। এবার কি সেই উত্তর আমেরিকাতে হওয়া বিশ্বকাপ জিতে নিবে ইসাবেলার দেশের তরুণেরা?








