প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ২২:৫৪
ফরিদগঞ্জে জাকির খান বাবুলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ নেতাকর্মী আটক

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার (৮ নভেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শনিবার (৭ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন— সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির খান বাবু (৫০), একই ইউনিয়নের হেফজুল বারী মোল্লা (৪৮), বালিথুবা পূর্ব ইউনিয়নের মো. খালেদ খান (৪৩), চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের মো. সোহাগ হোসেন (৩৮), রূপসা দক্ষিণ ইউনিয়নের মো. রহমত উল্যা ভূঁইয়া (৫৫), রূপসা উত্তর ইউনিয়নের আনোয়ার হোসেন মানিক (৪৬), আরাফাত হোসেন শান্ত (২৭) এবং ফরিদগঞ্জ পৌর এলাকার মো. আছিবুর রহমান হৃদয় (২৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।








