প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৯:৩৬
হাজীগঞ্জে ১৩নং অলিপুর ইউনিয়ন গঠনের অগ্রগতিতে আনন্দ র্যালি ও আলোচনা সভা

হাজীগঞ্জ উপজেলায় ১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ গঠনের সরকারি প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় স্থানীয়দের উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শুক্রবার সকালে স্থানীয় কৈয়ারপুলে সড়কের পাশে আয়োজিত সভায় কয়েক হাজার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক।
কর্মসূচিতে ১৩নং অলিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা একটি আনন্দ র্যালি বের করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মমিনুল হক এমপি বলেন, "এই ইউনিয়ন গঠনে সহযোগিতার জন্যে আমি জেলা প্রশাসক, ইউএনও, ৫নং সদর ইউনিয়ন ও কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় এবং স্থানীয়দের কাছে কৃতজ্ঞ। তাঁদের সরাসরি সহযোগিতার কারণেই কাজগুলো সহজে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এখন থেকে যত উন্নয়ন বরাদ্দ আসবে, তার সমান সুবিধা অলিপুর ইউনিয়নবাসী পাবেন।"
তিনি আরও বলেন, "আপাতত কৈয়ারপুলে একটি অস্থায়ী ভবনে পরিষদের প্রশাসনিক কাজকর্ম চলবে। আপনারা জমির ব্যবস্থা করে দিলে আমি পাকা ও স্থায়ী ভবনের ব্যবস্থা করে দেবো। এই ইউনিয়নটি গঠন করতে গিয়ে দুটি ইউনিয়নকে পুনর্গঠন করতে হয়েছে; এ নিয়ে আপনারা কেউ মন খারাপ করবেন না। আপনাদের নাগরিক সুবিধার কথা বিবেচনা করেই আমি এটি করেছি।"
অলিপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৬টি গ্রাম হলো—অলিপুর উত্তর, অলিপুর দক্ষিণ, বেতিয়াপাড়া, উচ্চঙ্গা, সাতবাড়িয়া ও সিদলা। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী প্রস্তাবিত এই এলাকায় প্রায় ১৩ হাজার মানুষের বসবাস।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. মো. আবদুল হক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির এবং সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী।
৫নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান কানু পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিলন হোসেন নিরবের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
ক্যাপশন: হাজীগঞ্জে ১৩নং অলিপুর ইউনিয়ন গঠনের অগ্রগতিতে আনন্দ র্যালিশেষে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক এমপি।
ছবি : চাঁদপুর কণ্ঠ।








