প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৯:১৯
স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৫০
সুবিদপুর পূর্ব ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন করতে চাই
.....মো. শফিকুল ইসলাম স্বপন

মো. শফিকুল ইসলাম স্বপন বর্তমানে ঢাকা মহানগর পশ্চিম জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ফরিদগঞ্জ উপজেলার রাজনীতিবিদদের কাছে তিনি এক পরিচিত মুখ। বিশেষ করে তাঁর জন্মস্থান ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে বিএনপির রাজনীতিতে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি মনতলা বরকন্দাজ বাড়ির আবুল খায়ের ও পেয়ারা বেগমের সন্তান। ইতিপূর্বে তিনি ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বিগত পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে বেশ কিছু মামলার শিকার হয়েছেন।
|আরো খবর
স্বপন সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি এবং সর্বশেষ তিতুমীর কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। কেন্দ্রীয় রাজনীতির মাঠে ছাত্রদলের হয়ে কাজ করলেও ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তিনি বিএনপির জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের সাথে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে এবং ৫ই আগস্ট-পরবর্তী সময় থেকে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন তথা সমর্থন প্রত্যাশা করছেন এবং এলাকায় বিএনপি ঘোষিত ৩১ দফার সমর্থনে কাজ করে যাচ্ছেন।
দৈনিক চাঁদপুর কণ্ঠের ধারাবাহিক প্রতিবেদনে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে তাঁর কথোপকথন প্রশ্নোত্তর আকারে নিচে তুলে ধরা হলো :
**চাঁদপুর কণ্ঠ :** আপনি স্থানীয় সরকার নির্বাচনে ফরিদগঞ্জে কোন্ পদে প্রার্থী হিসেবে অংশ নিতে চান?
**মো. শফিকুল ইসলাম স্বপন :** আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছি। ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শের সাথে সমন্বয় রেখে এলাকার মানুষের জন্যে কাজ করার চেষ্টার অংশ হিসেবেই আমার এই ইচ্ছা।
**চাঁদপুর কণ্ঠ :** প্রার্থী হওয়ার ইচ্ছা আপনি কবে থেকে পোষণ করছেন? অতীতে কি কখনো নির্বাচনে অংশ নিয়েছিলেন?
**মো. শফিকুল ইসলাম স্বপন :** আজ থেকে প্রায় ৫-৭ বছর আগে থেকেই আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছি। আমি আশা রাখি দল আমাকে মনোনয়ন দেবে। আর যদি না দেয়, তবে দল যাকে মনোনয়ন দেবে আমি সক্রিয়ভাবে তাঁর পক্ষেই কাজ করবো।
**চাঁদপুর কণ্ঠ :** আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন? নাকি নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান?
**মো. শফিকুল ইসলাম স্বপন:** আমি মনে-প্রাণে বিশ্বাস করি যে দল আমাকে মনোনয়ন দেবে এবং আমি নির্বাচন করব। আমি আশা রাখি দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে ইউনিয়নের সবাইকে নিয়ে আমি বিএনপির বিজয় নিশ্চিত করতে কাজ করব। সেক্ষেত্রে নির্বাচনে আমার শতভাগ জয় হবেই।
**চাঁদপুর কণ্ঠ :** নির্বাচনে কি কেবল জনপ্রিয়তা যাচাই করার জন্য বা পরিচিতি লাভের জন্য প্রার্থী হতে চান? নাকি বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়ে আটঘাট বেঁধে নেমেছেন?
**মো. শফিকুল ইসলাম স্বপন :** জনপ্রিয়তা যাচাই করার জন্যে নির্বাচন একটি বড় মাধ্যম। তবে আমি ব্যক্তিগতভাবে জনগণের সেবা করার লক্ষ্যেই প্রার্থী হতে চাই। আমি ইতোমধ্যেই আটঘাট বেঁধে মাঠে নেমেছি। বিজয় তো শেষ পর্যন্ত জনগণের ভোটেই নির্ধারিত হবে।
**চাঁদপুর কণ্ঠ :** নির্বাচনকেন্দ্রিক আপনার পরিকল্পনা কী? সমাজসেবামূলক কাজ কতোটুকু করেছেন বা করবেন? ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ কি শুরু করেছেন?
**মো. শফিকুল ইসলাম স্বপন :** নির্বাচন নিয়ে আমি ইতোমধ্যেই মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিয়েছি। আমি মাঠে-ঘাটে কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছি। করোনা মহামারির সময় থেকে আমি অনেক কাজ করেছি এবং দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার জন্য নিয়মিত দান করে যাচ্ছি।
**চাঁদপুর কণ্ঠ :** নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে কি আপনি আশাবাদী? নির্বাচনের স্বচ্ছতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?
**মো. শফিকুল ইসলাম স্বপন :** আমি আশা রাখি নির্বাচন সুষ্ঠু হবে। আমি মনে করি প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন ছাড়া কোনো গত্যন্তর নেই; কারণ এ দেশের জনগণ পতিত আওয়ামী শাসনামলে একটি সুষ্ঠু নির্বাচনের জন্যই লড়াই করেছে এবং বুকের তাজা রক্ত ঝরিয়েছে।
**চাঁদপুর কণ্ঠ :** এলাকার উন্নয়নে আপনি ভোটারদের উদ্দেশ্যে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চান?
**মো. শফিকুল ইসলাম স্বপন :** আল্লাহ যদি আমাকে সফল করেন, তবে আমি সব সময় গরিব ও দুঃখী মানুষের পাশে থাকব, এলাকাকে মাদকমুক্ত করবো এবং ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করব। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। আমাদের নেতা তারেক রহমানও কথায় নয়, কাজে বিশ্বাসী। জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে তাঁর সরকারের অংশ হিসেবে আমি অবশ্যই জনগণের কল্যাণে কাজ করবো।
**চাঁদপুর কণ্ঠ :** উপরোল্লিখিত প্রশ্নগুলোর বাইরে আপনার কোনো বক্তব্য থাকলে বলতে পারেন।
**মো. শফিকুল ইসলাম স্বপন :** আমি মনে করি তরুণদের সুযোগ করে দিলে তা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। সমাজকে মাদকমুক্ত করা একমাত্র তরুণদের পক্ষেই সম্ভব। তাই আমার বিশ্বাস, সরকার ও দলের নীতিনির্ধারকরা আমাদের মতো তরুণদের কথা গুরুত্বসহকারে বিবেচনা করবেন। এছাড়া আমি ইউনিয়নের সকল সামাজিক কর্মকাণ্ডে অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবো। আমি ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নকে একটি মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।








