প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ২১:০২
চাঁদপুরে এনসিপিতে বিভিন্ন দলের দু শতাধিক নেতাকর্মীর যোগদান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (১৮ এপ্রিল ২০২৬) এক বর্ণাঢ্য যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দুশতাধিক নেতা-কর্মীর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো যোদ্ধাগণ আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।
চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং জেলা এনসিপির সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সভাপতির বক্তব্যে মো. মাহবুব আলম বলেন, আমরা চাঁদপুর থেকে এমন এক নতুন রাজনীতির সূচনা করতে চাই, যেখানে ব্যক্তির চেয়ে নাগরিকের অধিকার প্রাধান্য পাবে। যারা দেশের প্রতিটি লড়াই-সংগ্রামে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, সেই মুক্তিযোদ্ধা ও তরুণ বিপ্লবীদের সাথে নিয়ে আমরা একটি বৈষম্যহীন চাঁদপুর গড়তে চাই।
অনুষ্ঠানে সাংগঠনিক সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান মুফতি মাহমুদ হাসান, হাইমচর উপজেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল, মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক ডিএম আলাউদ্দিন, শাহরাস্তি উপজেলার আহ্বায়ক ইমরান হোসাইন, চাঁদপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান, চাঁদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, চাঁদপুর পৌর কমিটির আহ্বায়ক শাহ আলম মিজি।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের দলে অন্তর্ভুক্তি। তাদের উপস্থিতিতে হলরুমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। যোগদানকারী সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা জানান, মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করেই এনসিপি আগামীর পথ চলবে।
অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একটি সমৃদ্ধ বাংলাদেশ ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।








