রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১০:০৪

বাঁশের কেল্লা ও ব্রিটিশবিরোধী সংগ্রামে শহীদ তিতুমীর

সারোয়ার ওয়াদুদ চৌধুরী
বাঁশের কেল্লা ও ব্রিটিশবিরোধী সংগ্রামে শহীদ তিতুমীর

ব্রিটিশবিরোধী মহান বিপ্লবী ও ঐতিহাসিক তিতুমীর বিদ্রোহের মহানায়ক সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।

তিতুমীরের আন্দোলন, সংগ্রাম, কর্মকাণ্ড এবং জীবনাদর্শ—সবকিছুকেই আমাদের মূল্যায়ন করতে হবে ঔপনিবেশিক পটভূমিতে। এই বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৫৭ সালে পলাশী যুদ্ধে জয়ী হওয়ার সুবাদে প্রথম রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করে এবং সেখান থেকেই ক্রমাগত সারা উপমহাদেশে তাদের রাজ্যসীমা সম্প্রসারিত করে। আবার এই বাংলা থেকেই ইংরেজ রাজত্বের বিরুদ্ধে শুরু হয় প্রতিরোধ আন্দোলন।

শহীদ তিতুমীর জীবন শুরু করেন একজন সমাজ ও ধর্মীয় সংস্কারক হিসেবে। তখন মুসলমান সমাজে যেসব বিদআত (ইসলামসম্মত নয় এমন রীতি) এবং শিরক (আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসেবে সাব্যস্ত করা বা তার উপাসনা করা) প্রবেশ করেছিল, সেগুলো দূর করার উদ্দেশ্য নিয়েই তিনি কাজ শুরু করেন। কিন্তু এই ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপট পরবর্তীতে একটি অর্থনৈতিক এবং ব্রিটিশবিরোধী সংগ্রামে পরিণত হয়।

১৭৮২ সালের ২৭ জানুয়ারি মীর নিসার আলী তিতুমীর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাগজোলা ইউনিয়নের চাঁদপুর গ্রামে একটি সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ মীর হাসান আলী এবং মাতার নাম আবিদা রুকাইয়া খাতুন। তিতুমীরের পূর্বপুরুষরা ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব দেশ থেকে ভারতে এসেছিলেন। কারও কারও মতে, তাঁর পূর্বপুরুষেরা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.)-এর বংশধর।

প্রথম দিকে তিনি গ্রামের একটি স্কুলে পড়ালেখা করতেন। পরে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হন এবং ১৮ বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজ হন। একই সঙ্গে কোরআন, হাদিস ও ইসলামী জ্ঞানে তিনি পাণ্ডিত্য অর্জন করেন। পাশাপাশি বাংলা, আরবি ও ফার্সি ভাষায় তাঁর ভালো দক্ষতা ছিলো।

পরবর্তীতে তিনি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণে যান। সেখানে ইসলামি চিন্তাবিদ সৈয়দ আহমেদ বেরলভির সান্নিধ্য ও প্রভাবে অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে নদীয়া ও চব্বিশ পরগনার মুসলমানদের কাছে ধর্মপ্রচার শুরু করেন।

এই সময়ে তিনি স্থানীয় জমিদার ও ভূস্বামীদের বিরুদ্ধে গ্রামের নিপীড়িত ও অসহায় কৃষকদের সংগঠিত করতে থাকেন। মসজিদ ও দাড়ির ওপর ধার্য করা বৈষম্যমূলক করের তীব্র প্রতিবাদ করেন। স্থানীয় জমিদারদের নির্যাতনের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে অভিযোগ দাখিল করেও বিচার না পেয়ে তিনি অনুসারীদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তিতুমীরকে দমন করতে জমিদাররা ব্রিটিশদের সঙ্গে হাত মেলায়। জমিদারদের সহযোগিতায় ব্রিটিশ সৈন্যরা তিতুমীরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের বারবার পরাজিত করেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী এবং উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক শহীদ তিতুমীর সবচেয়ে বেশি পরিচিত তাঁর ঐতিহাসিক বাঁশের কেল্লার জন্য। সেখান থেকেই তিনি অনুসারীদের নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম গড়ে তোলেন। এই বিদ্রোহে তিতুমীরের পক্ষে বিপুলসংখ্যক কৃষকসেনা অংশ নেন। তিতুমীরের অপ্রতিরোধ্য প্রতিরোধে ব্রিটিশ শাসকগোষ্ঠী নড়েচড়ে বসে এবং তাঁকে দমনে ভারী অস্ত্রে সুসজ্জিত বাহিনী পাঠায়।

১৮৩১ সালের ২৩ অক্টোবর তিতুমীর বারাসাত শহরের কাছে নারিকেলবাড়িয়ায় ঐতিহাসিক বাঁশের কেল্লা নির্মাণ করে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করেন। একপর্যায়ে চব্বিশ পরগনা, নদীয়া ও ফরিদপুরের কিছু অঞ্চল তাঁর আন্দোলনের প্রভাবে আলোচিত হয়ে ওঠে। তিতুমীর ও তাঁর অনুসারীদের গেরিলা কৌশলের মুখে অনেক সংঘর্ষে জমিদার ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী পরাজিত হয়।

১৮৩১ সালের ১৩ নভেম্বর ব্রিটিশ সেনাবাহিনী তিতুমীরের বাঁশের কেল্লা চারদিক থেকে ঘিরে ফেলে। তিতুমীর অনুসারীদের স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করে লড়াইয়ের জন্য প্রস্তুত করেন। ১৪ নভেম্বর কর্নেল হার্ডিংয়ের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কেল্লায় আক্রমণ চালায়। তিতুমীর ও তাঁর অনুসারীরা বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলেন। ব্রিটিশদের কামানের গোলায় কেল্লা বিধ্বস্ত হয় এবং ১৯ নভেম্বর তিতুমীর যুদ্ধরত অবস্থায় অসংখ্য অনুসারীসহ শাহাদাত বরণ করেন। এই যুদ্ধে তিতুমীরের সেকেন্ড-ইন-কমান্ড গোলাম মাসুমকে ফাঁসি এবং ৩৫০ জন যুদ্ধবন্দিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ব্রিটিশ শাসকগোষ্ঠী।

তিতুমীরের আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পরবর্তীতে ঢাকার মহাখালীতে সরকারি তিতুমীর কলেজ, বুয়েটের একটি হলের নাম ‘তিতুমীর হল’, খুলনায় রূপসা নদীর তীরে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি ‘বানৌজা তিতুমীর’, রাজশাহী ও নীলফামারীর চিলাহাটির মধ্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ‘তিতুমীর এক্সপ্রেস’ এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত শহরের চাপাডালি মোড়ে অবস্থিত প্রধান বাস টার্মিনালের নামকরণ করা হয় ‘তিতুমীর সেন্ট্রাল বাস টার্মিনাল’।

তিতুমীর ছিলেন ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা ও অধিকার আদায়ের সংগ্রামের অন্যতম প্রেরণার উৎস। তাঁর এই দুঃসাহসিক সংগ্রাম ও আত্মত্যাগ নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে যুগ যুগ ধরে বেঁচে থাকবে বাংলার মাটি ও মানুষের হৃদয়ে।

সারোয়ার ওয়াদুদ চৌধুরী : লেখক ও গবেষক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়