রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯

নিরাপত্তার আশায় শহরে এসে খুন! একাকী বৃদ্ধার রক্তে প্রশ্নবিদ্ধ আমাদের মানবিকতা

অনলাইন ডেস্ক
নিরাপত্তার আশায় শহরে এসে খুন! একাকী বৃদ্ধার রক্তে প্রশ্নবিদ্ধ আমাদের মানবিকতা

একাকিত্বের ভয় থেকে মুক্তি পেতে চেয়েছিলেন তিনি। গ্রামের বাড়িতে একা থাকতে ভয় লাগতো। তাই ছেলেকে বলেছিলেন, “বাবা, আমাকে শহরে একটা বাসা ভাড়া নিয়ে দে।” প্রবাসে থাকা ছেলে মায়ের সেই আবদার রেখেছিলেন। কিন্তু কে জানতো, নিরাপত্তার আশায় শহরে এসে নিজের ভাড়া বাসাতেই তাঁকে এমন নির্মম মৃত্যুর মুখোমুখি হতে হবে! চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ফ্ল্যাটে বৃদ্ধা লুৎফুর নাহারের হাত বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের সমাজের নিরাপত্তাবোধ ও মানবিকতার প্রতি এক গভীর প্রশ্নবোধক চিহ্ন।

যে বয়সে একজন মানুষের সন্তান-স্বজনের সান্নিধ্যে নিশ্চিন্তে দিন কাটানোর কথা, সে বয়সে লুৎফুর নাহারকে কাটাতে হয়েছে একাকিত্বের জীবন। পাঁচ মেয়ে ও এক ছেলে থাকলেও বাস্তবতার কারণে তাঁকে একা থাকতে হয়েছে। একমাত্র ছেলে জাপানে, মেয়েরা সংসার নিয়ে ব্যস্ত। মায়ের নিরাপত্তার কথা ভেবেই শহরে বাসা ভাড়া করে দিয়েছিলেন ছেলে। অথচ সেই বাসাই শেষ পর্যন্ত তাঁর জীবনের শেষ ঠিকানা হয়ে উঠলো। কী নির্মম পরিহাস!

আরও উদ্বেগজনক হলো, হত্যাকাণ্ডের পরও এর রহস্য উদ্ঘাটিত হয়নি। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কী ছিল তাদের উদ্দেশ্য—কোনো প্রশ্নেরই উত্তর এখনো মেলেনি। এরই মধ্যে আলমারি সরবরাহের কথা বলে একটি দোকানের পরিচয় ব্যবহার করে ফোন করার বিষয়টি সামনে এসেছে। পরিবার বলছে, দোকান থেকে এমন কোনো ফোন করা হয়নি। বিষয়টি নিছক কাকতালীয়, নাকি হত্যাকাণ্ডের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি। তবে অনুমান কিংবা গুঞ্জনের ভিত্তিতে কাউকে দায়ী করা যাবে না।

এই হত্যাকাণ্ড আমাদের আবাসিক ভবনগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করছে। বহুতল ভবনে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তাকর্মী কিংবা তালাবদ্ধ ফটক থাকলেই কি বাসিন্দারা নিরাপদ? অপরিচিত ব্যক্তির পরিচয় যাচাই, ভবনে প্রবেশ ও বের হওয়ার তথ্য সংরক্ষণ, সন্দেহজনক ফোনকল সম্পর্কে সতর্কতা—এসব বিষয়ে কি যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে? বিশেষ করে একা বসবাসকারী প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় পরিবার, প্রতিবেশী, ভবন কর্তৃপক্ষ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।

আমরা মনে করি, এই হত্যাকাণ্ডের তদন্তে পুলিশকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ভবনের সিসিটিভি ফুটেজ, প্রবেশ ও বের হওয়ার তথ্য, সংশ্লিষ্ট ফোনকল এবং সম্ভাব্য সব আলামত গুরুত্বের সঙ্গে পরীক্ষা করতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন সন্দেহের শিকার না হন, আবার কোনো অপরাধীও যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

সবচেয়ে বেদনাদায়ক বিষয়, যে ছেলে মায়ের নিরাপত্তার জন্য দূর প্রবাস থেকে শহরে বাসার ব্যবস্থা করেছিলেন, সেই ছেলেকেই এখন মায়ের নিথর দেহের কাছে ফিরে আসতে হচ্ছে। একজন মায়ের শেষ জীবনের নিরাপদ আশ্রয়ের আকাঙ্ক্ষা এভাবে রক্তাক্ত হয়ে যাবে—এমন দুঃস্বপ্ন কোনো সন্তানেরই কাম্য নয়।

লুৎফুর নাহারের মৃত্যু যেন আরেকটি অমীমাংসিত হত্যাকাণ্ডের তালিকায় হারিয়ে না যায়। তাঁর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা শুধু একটি পরিবারের দাবি নয়, এটি সমাজেরও দায়িত্ব। কারণ আজ লুৎফুর নাহার, কাল হয়তো অন্য কোনো একাকী প্রবীণ। আমরা কি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না?

একজন বৃদ্ধা শুধু নিরাপদে বাঁচতে চেয়েছিলেন। তাঁর সেই সামান্য চাওয়ার মূল্য দিতে হলো জীবন দিয়ে। এই মৃত্যু আমাদের বিবেককে নাড়া দিক, প্রশাসনকে জবাবদিহির পথে এগিয়ে নিক এবং সমাজকে প্রবীণদের নিরাপত্তা ও মানবিক দায়িত্ব সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করুক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়