বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭

নজরুল বর্ষ উদযাপনে চাঁদপুরে মোহনা শিল্পীগোষ্ঠী ও হিলশা সংসদের সাংস্কৃতিক সন্ধ্যা এবং ক্যালিগ্রাফি ক্লাস উদ্বোধন

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
নজরুল বর্ষ উদযাপনে চাঁদপুরে মোহনা শিল্পীগোষ্ঠী ও হিলশা সংসদের সাংস্কৃতিক সন্ধ্যা এবং ক্যালিগ্রাফি ক্লাস উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতকে কেন্দ্র করে ইসলামী সংস্কৃতি চর্চা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সৃজনশীল প্রতিভা লালনের আহ্বানে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা। মোহনা শিল্পীগোষ্ঠী ও হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একই সাথে নতুন ক্যালিগ্রাফি ক্লাসের শুভ উদ্বোধন করা হয়।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে এই আয়োজন করা হয়। হামদ, নাত, কাওয়ালি, ইসলামী সংগীত, দলীয় সংগীত ও শিশুদের মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে সুস্থ সংস্কৃতি চর্চার নানা দিক ফুটিয়ে তোলা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন মোহনা শিল্পীগোষ্ঠীর কেরাত বিভাগের পরিচালক আবরার হোসেন।

নজরুল বর্ষের এই আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল মোহনা শিল্পীগোষ্ঠীর শিশু শিল্পীদের পরিবেশনা। তারা জাতীয় কবি কাজী নজরুলের জনপ্রিয় কবিতা ‘লিচু চোর’ আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শিশুদের এই প্রাণবন্ত পরিবেশনা কবির সাহিত্যকর্মের অনন্য এক দিক তুলে ধরে।

অনুষ্ঠানে মোহনা শিল্পীগোষ্ঠীর পরিচালক জুবায়ের আল মাহমুদ ও হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে কাজী নজরুল ইসলামের লেখা জনপ্রিয় ইসলামী সংগীত পরিবেশিত হয়। এর মধ্যে ছিল— ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’, ‘হেরা হতে হেলে দুলে’ ও ‘আল্লাহ ঐ নামের কালাম’।

এছাড়াও বিভিন্ন হামদ, নাত ও কাওয়ালি পরিবেশন করেন শিল্পী সুলতান মাহমুদ ও ফরহাদ হোসেনসহ অন্য শিল্পীরা। তাদের সুরেলা ও ভাবগম্ভীর পরিবেশনায় পুরো মিলনায়তনের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।

ক্যালিগ্রাফি ক্লাসের শুভ উদ্বোধন

ইসলামী সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সৃজনশীল শিল্পকলার বিকাশে নতুন এই উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠানে ক্যালিগ্রাফি ক্লাসের উদ্বোধন করা হয়। ক্যালিগ্রাফির মাধ্যমে আরবি হরফের সৌন্দর্য, নান্দনিক উপস্থাপন এবং তরুণ প্রজন্মের মধ্যে শিল্পচর্চার সুযোগ তৈরির এই পদক্ষেপকে সাধুবাদ জানান উপস্থিত অতিথিরা।

চাঁদপুর হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক মোহাম্মদ হোসাইন ও মোহনা শিল্পীগোষ্ঠীর পরিচালক জুবায়ের আল মাহমুদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। পরিশেষে তাদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যার সফল সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়