প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭
নজরুল বর্ষে চাঁদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে দু মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজন

নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতিচর্চার প্রসার, শিল্প-সাহিত্যের প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্য নিয়ে চাঁদপুরে শুরু হয়েছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে গত ৩১ আগস্ট।
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার সময়কাল নির্ধারণ করা হয়েছে ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। এর আগে গত ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধনের মধ্য দিয়ে এ সাংস্কৃতিক আয়োজনের যাত্রা শুরু হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে সংস্কৃতি চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ও প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতির বন্ধন জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এ প্রতিযোগিতায় সকল প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় থাকছে দেশাত্মবোধক সংগীত, নজরুল সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় (একক), নৃত্য (একক), হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা।
বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে আরও নিবিড়ভাবে পরিচিত করার বিষয়টিও এ আয়োজনের গুরুত্বপূর্ণ দিক।
সংস্কৃতিচর্চা মনন ও মানবিক মূল্যবোধ গঠনেরও অন্যতম শক্তিশালী ক্ষেত্র। সেই ভাবনা থেকেই দেশের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংস্কৃতিসংশ্লিষ্টরা।
নজরুল বর্ষকে সামনে রেখে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া এ প্রতিযোগিতা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলমান এ প্রতিযোগিতার মাধ্যমে চাঁদপুরের প্রতিভাবান শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখার সুযোগ পাবে।







