প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১৮:৫২
মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন সুরক্ষায় মেঘনা নদীতে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। অভিযানে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে ও মোহনপুর নৌ-পুলিশের একটি বিশেষ টিম অংশগ্রহণ করে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, অভিযান চলাকালে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করা প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পরবর্তীতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, "মা ইলিশের প্রজনন ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিতের পাশাপাশি নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে মেঘনা নদীসহ নদী তীরবর্তী এলাকাগুলোতে আমাদের নিয়মিত ও যৌথ টহল জোরদার করা হয়েছে। ইলিশের সম্পদ রক্ষায় এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।"







