সোমবার, ০৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২১:৪৭

বৃষ্টির ছোঁয়া পেলেই পালিয়ে যায় বিদ্যুৎ

শাহরাস্তিতে গ্রাহকদের চরম দুর্ভোগ

মো. মঈনুল ইসলাম কাজল
বৃষ্টির ছোঁয়া পেলেই পালিয়ে যায় বিদ্যুৎ

বিদ্যুৎ বিভাগ নিয়ে গ্রাহকদের অভিযোগ নতুন কিছু নয়। কোনো রকমের সময়জ্ঞান এবং নিয়মনীতির তোয়াক্কা না করেই যখন তখন লোডশেডিং, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা, মাঝারি ধরনের ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ চলে যাওয়া এখন নিত্যদিনের সঙ্গী। কোনো গ্রাহক সমস্যায় পড়লে অভিযোগ কেন্দ্রে ফোন দিয়েও কাউকে খুঁজে পাওয়া যায় না এমন অভিযোগ দীর্ঘদিনের। বর্তমান বর্ষা মৌসুমে ঝড়-বৃষ্টির অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সুযোগটি ভালোভাবে কাজে লাগাচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এছাড়া গাছ পড়ে থাকা, ঝড়ে তার ছিঁড়ে যাওয়ার মতো নানা অজুহাত শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে বিদ্যুতের গ্রাহকরা। বর্তমান সময়ে সারাদেশে বিদ্যুতের তেমন ঘাটতি না থাকলেও মফস্বল এলাকাগুলোতে বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন। কর্তৃপক্ষের দায়সারা অজুহাতে অতিষ্ঠ হয়ে পড়ছে বিদ্যুৎ ব্যবহারকারীরা। বিগত সপ্তাহে মাঝারি ধরনের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। কর্তৃপক্ষ জানায়, প্রায় অর্ধশত জায়গায় গাছ পড়ে তার ছিঁড়ে যায়। লাইন পুরোপুরি চালু করতে লাগে বেশ ক'দিন। এরই মধ্যে বৃষ্টির কারণে সবসময় কোনো না কোনো এলাকায় বন্ধ থাকে বিদ্যুৎ সরবরাহ। গ্রাহকদের অভিযোগ, কিছুদিন পর পর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গাছের ডালপালা কেটে ফেলে, তাহলে লাইনের ওপর এতো ডালপালা কোথা থেকে আসে।

রোববার (৭ জুন ২০২৬) দুপুরে হঠাৎ মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হতেই চলে যায় বিদ্যুৎ। মাত্র ১০ মিনিট পর বৃষ্টি থেমে গেলেও বিদ্যুৎ ফিরে আসার আর খবর নেই। প্রায় ৪ ঘণ্টা পর কিছু এলাকায় বিদ্যুতের দেখা মেলে। খবর নিয়ে দেখা যায় রাত পর্যন্ত অনেকেই বিদ্যুৎ বঞ্চিত।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের শাহরাস্তি জোনাল অফিসের ডিজিএম নিজাম উদ্দিন সামস্ জানান, কোথায় কী হয়েছে জানার চেষ্টা করছি, আপনাকে পরে বলবো। বৃষ্টির ছোঁয়া পেলেই বিদ্যুৎ চলে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়