প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৩
কুবির শিক্ষিকার সন্তানকে হত্যা :চাঁদপুর লেখক পরিষদের তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকা, চাঁদপুরের কৃতী সন্তান ও জনপ্রিয় কথাসাহিত্যিক নাহিদা নাহিদের একমাত্র সন্তান সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম (১৩)কে পৈশাচিক কায়দায় হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাঁদপুর লেখক পরিষদ।
প্রাপ্ত তথ্যে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন জঙ্গল এলাকায় অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে জিম্মি করে। পরে অত্যন্ত নির্মম ও বর্বরোচিত উপায়ে তাকে হত্যা করা হয়। সম্ভাবনাময় এই কিশোরের মর্মান্তিক মৃত্যুতে স্বজন, সহপাঠী এবং সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তাঁরা ঘটনার সাথে জড়িত মূল আসামিসহ সব দুর্বৃত্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুযায়ী সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “একটি নিরাপদ সমাজ ও পরিবারের নিশ্চয়তার জন্য অপরাধীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি কার্যকর করা অত্যন্ত জরুরি। এমন নির্মম ঘটনা যেন আর কোনো মায়ের বুক খালি না করে, সে বিষয়ে সরকারকে আরও কঠোর ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে।”
সারাদেশে খুন, ছিনতাই এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে অবিলম্বে অপ্রতীম হত্যার মূল রহস্য উন্মোচনের দাবি জানান তাঁরা।








