প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যদ্রব্য বিক্রি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দু ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
|আরো খবর
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর শহরের ফয়সাল মার্কেট ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না রেখে খাদ্যসামগ্রী বিক্রির অপরাধে ‘ফ্যামিলি বাজার’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া মোবাইল পার্টস বিক্রির দায়ে ‘চায়না বাংলা ট্রেডিং’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান দুটি জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবে না মর্মে অঙ্গীকার করে।
অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনসহ ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে চাঁদপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভোক্তাস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।








