প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫
নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর সদর উপজেলায় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর রং ফর্সাকারী ক্রিম বিক্রি ও বিপণনের অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এবং জেলা প্রশাসন, চাঁদপুরের যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) এ দণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটে পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ প্রসাধনী বিক্রির সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯'-এর সংশ্লিষ্ট ধারায় রেলওয়ে মার্কেটের 'চুমকি ফ্যাশন'কে ৫ হাজার টাকা এবং 'রিচি কসমেটিকস'কে ১০ হাজার টাকা—সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার পরিদর্শক মো. আমিনুল ইসলাম শাকিল ও মো. শামস তাবরেজ।
জনস্বাস্থ্য রক্ষা ও ভেজাল প্রসাধনীর বাজারজাতকরণ বন্ধে বিএসটিআই-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।







