প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০
জন্ম-মৃত্যু নিবন্ধনে চাঁদপুর জেলায় প্রথম মতলব উত্তরের শ্যামল চন্দ্র দাস ও রীনা বেগম

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে চাঁদপুর জেলায় ১ম স্থান অর্জন করেছেন মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস এবং গ্রামপুলিশ রীনা বেগম। ২০২৬ সালের জুলাই মাসের পারফরম্যান্সের ভিত্তিতে তাঁরা এই গৌরব অর্জন করেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁদের হাতে এই শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের (খুলনা) আঞ্চলিক পরিচালক (যুগ্ম সচিব) মো. হুসাইন শওকত এবং সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এছাড়া মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুমা মনিসহ জেলার অন্যান্য উপজেলার নির্বাহী অফিসার ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই অর্জনে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কলাকান্দা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস বলেন, "সর্বপ্রথম আমি মহান সৃষ্টিকর্তা ও আমার বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অর্জন চাঁদপুর জেলা প্রশাসক, উপ-পরিচালক (স্থানীয় সরকার শাখা), উপজেলা নির্বাহী অফিসার, কলাকান্দা ইউপি চেয়ারম্যান, পরিষদের সদস্যবৃন্দ, হিসাব সহকারী, দফাদার, মহল্লাদার এবং ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সার্বিক পরামর্শ ও সহযোগিতার ফল। আমি এই সম্মাননা ও অর্জিত পুরস্কার কলাকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে উৎসর্গ করছি।"
ডিসিকে এমজেডএইচ








