প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১২:৫৮
মতলবে অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, আটক ১

মতলব দক্ষিণ উপজেলায় স্কুলছাত্রী সুমাইয়া আক্তার (১৭)কে অপহরণের ৬ দিন পর বুধবার (২৬ আগস্ট ২০২৬) ভোরে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার এবং অপহরণকারী শুভ চন্দ্র দেবনাথ (২২)কে আটক করেছে পুলিশ। ওই ছাত্রীর মা জোসনা বেগম মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) রাতে মতলব দক্ষিণ থানায় শুভ চন্দ্র দেবনাথের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গত বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সন্ধ্যার পর ওই ছাত্রী ছবি তোলার জন্যে সেজে পাশের ঘরে যায়। সেখান থেকে সকলের অগোচরে শুভ চন্দ্র দেবনাথের প্ররোচনায় মেয়েটি ঘর ছাড়ে। অভিযুক্ত শুভ দেবনাথ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর সাতান কবিরাজ বাড়ির গণেশ চন্দ্র দেবনাথের ছেলে। আর উদ্ধার হওয়া শিক্ষার্থী লামচরী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। সে নারায়ণপুর ইউনিয়নের তেলিমাছুয়াখাল গ্রামের খন্দকার বাড়ির চারু খন্দকারের মেয়ে। তরুণীর মা জোসনা বেগম জানান, ঘটনার পরদিন শুক্রবার মেয়ের কোনো খোঁজখবর না পেয়ে মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। ৬ দিনেও পুলিশ মেয়েকে উদ্ধার করতে না পারায় আমরা দিশেহারা হয়ে পড়ি। পরবর্তীতে বিভিন্ন সূত্রে জানতে পারি, শুভ চন্দ্র দেবনাথ আমার মেয়েকে অপহরণ করেছে। তাই মঙ্গলবার রাতে শুভ চন্দ্র দেবনাথসহ তার বন্ধু অয়ন ও রাতুলের নাম উল্লেখ করে থানায় অপহরণ মামলা দায়ের করি। পুলিশের তৎপরতায় বুধবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার মেয়েকে উদ্ধার করা হয় এবং শুভকে আটক করা হয়। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ওই শিক্ষার্থীর মা জোসনা বেগম বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত শুভ চন্দ্র দেবনাথকে আটক করে।








