প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০২:১৩
ওয়ালী উল্লাহ পাটোয়ারীর ঐতিহ্য ধারণ করে এ প্রজন্মকে সুশিক্ষায় এগিয়ে যেতে হবে
—মতলবের ইউএনও কে এম ইশমাম

মতলব জে বি (জগবন্ধু বিশ্বনাথ) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও রেক্টর, শিক্ষাগুরু মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারীর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় মতলব জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অত্র বিদ্যালয়ের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইশমাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, "ওয়ালী উল্লাহ পাটোয়ারী কেবল একজন শিক্ষাগুরুই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার এক অনন্য জাদুকর। তাঁর হাত ধরে গড়ে ওঠা শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন। মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারীর আদর্শ ও ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।"
স্মরণসভায় অন্য বক্তারা বলেন, জাতীয় পদকপ্রাপ্ত এই কালজয়ী শিক্ষক ছিলেন অত্যন্ত সৎ, সাহসী, বিনয়ী ও প্রজ্ঞাবান একজন আদর্শ মানুষ। তৎকালীন সময়ে তাঁর যে অবদান, তা শিক্ষক সমাজে বিরল। তাঁর অনুসৃত পথ ও নীতি মেনে চললেই মতলব জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখা সম্ভব হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাভেদ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালী উল্লাহ পাটোয়ারীর কৃতী ছাত্র ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আইনুন নাহার কাদরী, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব এমদাদ হোসেন খান, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম এবং মতলব কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল।
আলোচনা সভাশেষে মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন নিউ হোস্টেল জামে মসজিদের ইমাম মাওলানা মো. শাহাদাত হোসেন।
ডিসিকে /এমজেডএইচ








