প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২০:৩৯
ফরিদগঞ্জে সম্পত্তি দখলে বাধা দেয়ায় মা-ছেলের ওপর হামলা

ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে মা ও ছেলের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার ৫ নম্বর গুপ্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আস্টা গ্রামে এ ঘটনা ঘটে।
|আরো খবর
আহতরা হলেন : আস্টা গ্রামের আব্দুল ওয়াহেদ পাটওয়ারীর ছেলে ফরিদ হোসেন (২৮) ও তার মা শামসুন্নাহার বেগম (৫৫)। হামলার পর স্বজনরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত ফরিদ হোসেন ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, একই এলাকার মৃত শামসুল হক পাটওয়ারীর ছেলে আজাদ পাটওয়ারী ও মনির পাটওয়ারী দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তাদের পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার বিরোধ ও হামলার ঘটনা ঘটেছে। পরবর্তী সময়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে বিভিন্ন মামলায় আদালত তাদের পরিবারের পক্ষে রায় দিয়েছেন বলে দাবি করেন তারা।
আহতদের অভিযোগ, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে ফরিদ হোসেন গল্লাক বাজারে অবস্থিত তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির পাশে তাদের ভোগদখলে থাকা একটি জমিতে প্রতিপক্ষের লোকজনকে নিয়ে জোরপূর্বক দখলের উদ্দেশ্যে হাল দিতে দেখেন তিনি। বিষয়টি নিয়ে তিনি তাদের কাছে জানতে চাইলে একপর্যায়ে মৃত শামসুল হক পাটওয়ারীর ছেলে আজাদ পাটওয়ারী, মনির পাটওয়ারী এবং তাদের সহযোগী পাশের ডোমরিয়া গ্রামের মৃত হামিক উদ্দিন পাটওয়ারীর ছেলে আব্দুল হান্নান পাটওয়ারীসহ কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ সময় ছেলে ফরিদ হোসেনকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা শামসুন্নাহার বেগমকেও মারধর করা হয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
স্থানীয়দের অভিযোগ, আজাদ পাটওয়ারী ও মনির পাটওয়ারীর বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার করে জমি-সংক্রান্ত বিরোধে জড়ানোর অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর আহত মা ও ছেলেকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতদের পরিবারের সদস্যরা।








